নিরাপত্তাকর্মীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
- আপলোড তারিখঃ
০২-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজ থেকে নিচের বাজারে ডেকে স্কয়ার ইলেক্ট্রনিক্সের
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে নিচের বাজারে নিয়ে যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। স্কয়ার ইলেক্ট্রনিক্সের নিরাপত্তা কর্মী লোকমানকে নিচের বাজারে একটি ঘরের ছাদে নিয়ে মারধর করে তার কাছে থাকা ইলেক্ট্রনিক্স সামগ্রী ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। পরে ওই ছাদ থেকে তাকে ফেলে দেয় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার লোকমান মিয়া (২৩) নেত্রকোনা জেলার মহনগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের পূর্বপাড়ার শাহাজাহান মিয়ার ছেলে। এদিকে, ছিনতায়ের ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছে সদর থানা পুলিশ। তবে, এ ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।
জানা গেছে, লোকমান মিয়া স্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড চুয়াডাঙ্গা শাখার নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত। সেই সুবাদে দৌলতদিয়াড় সর্দারপাড়ায় ভাড়া বাসায় থাকেন। লোকমান মিয়া জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সর্দারপাড়ায় যাওয়ার পথিমধ্যে মাথাভাঙ্গা ব্রিজের উপরে ৫/৬জন যুবক তার পথ রোধ করে। পরে তাকে ডেকে নিয়ে যায় নিচের বাজারের একটি ঘরের ছাদের উপরে। সেখানে লোকমানকে মারধর করে তার কাছে ব্যাগটি কেড়ে নেয় তারা। পরে ব্যাগের ভিতরে থাকা কোম্পানির ২ হাজার ৫শ’ টাকা মূল্যের ইলেক্ট্রনিক্স দ্রব্য ছিনিয়ে নেয় যুবকরা। এসময় লোকমানকে ওই ছাদ থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা। এতে লোকমানের একটি হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। লোকমান মিয়া বলেন, আমি এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অবহিত করেছি।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক ছিনতায়ের ঘটনাটি অস্বীকার করে বলেন, দিনে রাতে সব সময় ব্রিজের ওপর মানুষ চলাচল করে। এমন একটি ঘটনা কিভাবে ঘটতে পারে? মেহেরপুরের লোক অনেক রাত পর্যন্ত থাকে। এখনো এমন ঘটনা ঘটে নাই। তবে নিচের বাজার সুইপার পট্টিতে নেশাদ্রব্য পান করা নিয়ে কোন ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। লোকমান গতকাল রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
কমেন্ট বক্স