ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে (ইঝঞ) সীমান্ত পিলার ৬০/২৯-আর সংলগ্ন শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন) বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (৫৮ বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডারকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কমান্ডার বেলা তিনটায় অবগত করেন যে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তারা ১০ জন বাংলাদেশিকে আটক করেছে। এদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। পরবর্তীতে, বিএসএফ আটককৃতদের বিস্তারিত পরিচয়, ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবিকে সরবরাহ করলে, ৫৮ বিজিবি তা যাচাই-বাছাই করে গ্রহণের সিদ্ধান্ত নেয়। বর্তমানে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
সমীকরণ প্রতিবেদক