চুয়াডাঙ্গার টেইপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ : দেশীয় অস্ত্র উদ্ধার
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৭
ইং
আসামী আটক করে ফেরার পথে সড়কে ঢালাইয়ের খাম্বা দেখে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার টেইপুর থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১২টার দিকে টেইপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের বাঁশবাগানের কাছ থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলেছে, ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে দুইটি ধারালো অস্ত্র ও জিআই পাইপ উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামের আহমদ আলীর ছেলে ধুলো (৩৫) ও আনোয়ার হোসেনের ছেলে মিঠুন (২৩)।
পুলিশ জানায়, সদর থানার এসআই ইবনে খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে পিরপুর গ্রামে নিয়মিত মামলার আসামী ধরতে যান। আসামী আব্দুল মালেকের ছেলে মিজানুরকে (২৫) আটক করে ফিরছিলেন। এ সময় টেইপুর গ্রামে পৌছালে সড়কের ওপর ঢালাইয়ের তৈরি বৈদ্যুতিক খাম্বা আড় করা থাকায় গাড়ি থামায় পুলিশ। পরে এসআই খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে পাশের বাঁশবাগানে গিয়ে অভিযান চালায়। পরে সেখান থেকে ধুলো ও মিঠুনকে আটক করে পুলিশ। পরে তাদের আটক করে সদর থানায় নেয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের স্বীকারোক্তিতে সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাসের নেতৃত্বে এসআই সানজিদ, এসআই খালিদ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে দুইটি ধারালো অস্ত্র ও দুইটি জিআই পাইপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট বক্স