সোমবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে চুয়াডাঙ্গার সামনে টাঙ্গাইল চ্যালেঞ্জ
- আপলোড তারিখঃ
১৪-১০-২০১৭
ইং
শেষ হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা
সাতক্ষীরাকে ট্রাইবেকারে হারিকে জয় পেল যশোর
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোরের কাছে ধরাশায়ী হলো প্রতিপক্ষ সাতক্ষীরা। তবে আক্রমণাত্মক খেলে নয়; শাসরুদ্ধকর ট্রাইবেকারে ৪-২ গোলে হেরে বিদায় নিতে হলো তাদেরকে। এ টুর্নামেন্টের বিগত ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ফলাফল নিয়ে মাঠ ছাড়ার নজির এটিই প্রথম। প্রতিপক্ষকে হারিয়ে এবার কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সিরাজগঞ্জের সাথে লড়বে যশোর জেলা ফুটবল এসোসিয়েশন। ম্যাচটি আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। আর আগামী সোমবার (১৬ অক্টোবর) কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে টাঙ্গাইলের সাথে ফুটবল যুদ্ধে লড়বে শক্তিশালী চুয়াডাঙ্গা জেলা একাদশ।
এদিকে গতকাল শুক্রবার বিকাল ৩টা ৪০মিনিটে শুরু হয় যশোর বনাম সাতক্ষীরা দলের মধ্যকর খেলা। খেলার শুরু থেকে আক্রমণ শাণিত করে সাতক্ষীরা একাদশ। প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় সাতক্ষীরা দলের স্ট্রাইকার সাদ্দাম হোসেন প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হয়। তবে অফসাইডের ফাঁদে পড়ে গোলটি রেফারীর দৃষ্টিতে অবৈধ ঘোষিত হয়। এরপর আর তেমন কোন শক্তিশালী আক্রমণ করে গোলের দেখা মেলাতে পারেনি তারা। গোলশূন্য ফলাফল নিয়ে বিরতিতে যায় দু’দলই। দ্বিতীয়ার্ধে নিজেদের আরো দ্বিগুণ শক্তিশালী করে খেলায় ফিরে আসে যশোর-সাতক্ষীরা একাদশ। চলে কয়েক দফা আক্রমণ। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে একবার যশোর দলের ফরোয়ার্ড এনামুল হক একটি জোরালো শট করে; কিন্তু তা প্রতিপক্ষের বারপোস্টের কান ঘেসে চলে যায়। এরপর আরো জোর দিয়ে চলে উভয় দলের সমান আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা ট্রাইবেকার পর্যন্ত গড়ায়। চরম উত্তেজনার পর শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারের শুরুতে যশোর দলের ৮ নম্বর জার্সিধারী এনামুলের শটটি বারপোস্ট ছাপিয়ে মাঠের বাইরে চলে যায়। এবার সাতক্ষীরা দলের ৯ নম্বর জার্সিধারী সুমনের পা থেকে গোলমুখে বাড়ানো বলটি রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক সাঈদ। প্রথম দু’টি শট ব্যর্থ হলেও পরের শট গুলো নিয়ে আশাবাদী ছিল উভয়দলই। এরপর পর্যায়ক্রমে যশোর দলের ১১ নম্বর জার্সিধারী পলাশ, ১৫ নম্বর জার্সিধারী পুলিশ বাবু, ১৩ নম্বর জার্সিধারী ছোট বাবু ও মন্টুর পা থেকে আসা চারটি শট নিশ্চিত জয় এনে দেয়। এ ছাড়া ট্রাইবেকারে সাতক্ষীরা দলের হয়ে গোল দু’টি করেন ১২ নম্বর জার্সিধারী মিলন ও ১১ নম্বর জার্সিধারী শাহিন এবং ৫ নম্বর জার্সিধারী সোহাগের শটটি গোলরক্ষকের হাতে বাঁধা পড়ে। ফলাফল যশোর ০ (৪) ও সাতক্ষীরা ০ (২)। সেরা খেলোয়াড় নির্বাচিত হন যশোর দলের গোলরক্ষক সাঈদ।
খেলা শেষে বিজয়ী দল, পরাজিত দল ও সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমূখ।
উল্লেখ্য, টানা আটদিন এক নাগাড়ে খেলা চলার পর দু’দিন বিরতি দিয়ে আগামী সোমবার (১৬ অক্টোবর) শুরু হবে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথমদিন স্বাগতিক চুয়াডাঙ্গার মুখোমুখি হবে খুলনার সাথে জয় পাওয়া শক্তিশালী টাঙ্গাইল জেলা ফুটবল একাদশ।
কমেন্ট বক্স