বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিরাজগঞ্জ ১(৪)-১(১) কুষ্টিয়া : আজ ঝিনাইদহের প্রতিপক্ষ মাগুরা

  • আপলোড তারিখঃ ১২-১০-২০১৭ ইং
সিরাজগঞ্জ ১(৪)-১(১) কুষ্টিয়া : আজ ঝিনাইদহের প্রতিপক্ষ মাগুরা
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের গ্রুপ পর্বের ৬ষ্ঠ ম্যাচ ট্রাইবেকারে কুষ্টিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সিরাজগঞ্জ নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল করলো সিরাজগঞ্জ জেলা একাদশ। ট্রাইবেকারে কুষ্টিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এর আগে নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারের দিকে। বার বার সুযোগ হাতছাড়া করার পাশাপাশি একে অপরের রক্ষণভাগ সামলাতে ব্যস্ত থাকায় অবশেষে ট্রাইবেকারেই সুরাহা হয় ম্যাচটি। যাতে ভাগ্যের জোরে সিরাজগঞ্জ ১(৪)-১(১) গোলে জয় পায় কুষ্টিয়ার বিপক্ষে। গতকাল বুধবার বিকাল ৩টা ১০ মিনিটে খেলাটি শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দু’দলের মাঠে নামার প্রস্তুতি নিতে দেরি হওয়ায় খেলা শুরু হয় বিকাল সাড়ে ৩টারও পর। জেলা  স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৬ষ্ঠ ম্যাচে পেনাল্টিতে মুখোমুখি হয় আঞ্চলিক ফুটবলের এ দুই পরাশক্তি। শুরুতেই দুই দল প্রাণপণ লড়াইয়ে নামে। তবে প্রথমার্ধের গোলশূন্য হাতে বিরতিতে যেতে হয় দু’দলকেই। প্রথম থেকেই সিরাজগঞ্জ তাদের দলে তিনজন নাইজেরিয়ান তারকা ফুটবলার নিয়ে আক্রমণাত্মক খেলে কুষ্টিয়াকে চাপের মুখে রাখার চেষ্টা করে। আর ভাগ্য সহায় না হওয়ায় বার বার গোল বঞ্চিত হতে হয় কুষ্টিয়াকে। ধাক্কা সামলে আক্রমণাত্মক খেলায় ৫৩ মিনিটের মাথায় সতীর্থ রিপনের দুর্দান্ত ক্রস শটে শাহিনের মাথা থেকে আসা একমাত্র গোলে এগিয়ে যায় কুষ্টিয়া একাদশ। তবে তাদেরকে জয় উল্লাস করার সুযোগ না দিয়ে প্রথম গোলটির ৪ মিনিটের মাথায় সহযোগী স্ট্রাইকার হেনরীর পাস পেয়ে বিপদসীমার মধ্যে ঢুকে প্রতিপক্ষের শিবিরে বল জড়িয়ে সিরাজগঞ্জ দলে সমতা ফেরায় ১০ নম্বর জার্সিধারী স্ট্রাইকার নাইজেরিয়ান তারকা ফুটবলার ফেন্সী। খেলার বাকি সময় দু’দলের কেউই আর গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। কুষ্টিয়া দলের হয়ে ট্রাইবেকারের প্রথম শটে একটি গোল করেন রাকিব। এরপর পর্যায়ক্রমে সিরাজগঞ্জ একাদশের হয়ে আবারো একটি গোল করেন ফেন্সি। এবার কুষ্টিয়ার রিপনের শটটি রুখে দেন সিরাজগঞ্জের চৌকস গোলরক্ষক মাসুদ রানা। শাহিনের শটটি বারপোস্ট ছাপিয়ে আকাশে উড়াল দেওয়ার সাথে সাথে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে হার মেনে নিতে হয় কুষ্টিয়াকে। সিরাজগঞ্জের হয়ে অপর তিনটি গোল করেন স্বপন, সুজন ও নাইজেরিয়ান তারকা হেনরী। ফলাফল সিরাজগঞ্জ ১ (৪) ও কুষ্টিয়া ১ (১)। বার বার প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণে দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষার কাজটা দায়িত্বের সাথে পালন করাই ম্যাচ সেরা খেলোয়াড় হিসাবে সিরাজগঞ্জ দলের গোল রক্ষক মাসুদ রানাকে পুরস্কৃত করা হয়। এদিন ভিআইপি গ্যালারীতে বসে খেলা উপভোগ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ড. এআরএম তারেক, উপসচিব আনোয়ার হোসেনসহ অতিথিরা। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দল এবং সেরা খেলোয়াড়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ৭ম ম্যাচে মুখোমুখি হবে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা ও মাগুরা জেলা ফুটবল একাদশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’