চুয়াডাঙ্গার সামনে টাঙ্গাইল চ্যালেঞ্জ : আজ খেলবে উত্তরবঙ্গের দু’দল নওগাঁ-জয়পুরহাট
- আপলোড তারিখঃ
০৯-১০-২০১৭
ইং
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ৩য় ম্যাচে টাঙ্গাইলের ৪-১ চমক
নাইজেরিয়ান কফির হ্যাটট্রিকে বিদ্ধস্ত খুলনা শিবির
নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি মনে হয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপর একটু বেশিই সদয়। এ জন্য কাকতালিয়ভাবে প্রতি ম্যাচের আগে নিজেকে স্তব্ধ রাখেন। তাই গতকাল সোমবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হতে বসা গ্রুপ পর্বের ৩য় ম্যাচটিও টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এদিন বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে খেলতে নেমে নাইজেরিয়ান কফি আনানের হ্যাটট্রিকে শক্তিশালী খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাঙ্গাইল। বিকাল ৩টা ১০ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে ২ মিনিটের মধ্যেই চমক দেখায় টাঙ্গাইল শিবিরের হয়ে খেলতে আসা নাইজেরিয়ান তারকা কফি আনান। তার পা থেকেই আসে ১ম গোলটি। কৌশল, শক্তিমত্তা, ফিটনেস এবং সক্ষমতায় যে তারা কতটা এগিয়ে ম্যাচের শুরুতেই তা পরিষ্কার হয়ে যায়। প্রথম থেকেই তাই অসহায় হয়ে পড়ে শেখ কামাল স্মৃতি সংসদ, খুলনা। এর সঙ্গে খুলনা দলের পরিকল্পনাহীন রণকৌশলে আরও ঘাটতি দেখা গেছে সঠিক সমন্বয়ের। ভুল পাসের ছড়াছড়ি, উদ্দেশ্যহীন ছোটাছুটি করে গলদঘর্ম হওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি তারা। প্রতিপক্ষের দুর্বলতা বুঝেই বিরতিতে যাবার ঠিক ৫ মিনিট আগে আক্রমণ ভাগের আরেক খেলোয়াড় রাসেলের পা থেকে আসে আরো ১টি গোল। এ গোলটির পরেই প্রতিপক্ষের রক্ষণভাগের চরম দুর্বলতাকে কাজে লাগিয়ে ৩ মিনিটের মাথায় ফের একটি গোল করে কফি। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে বিরতিতে যায় দু’দলই। দ্বিতীয়ার্ধে দলে কিছুটা পরিবর্তন নিয়ে ফিরে ১২মিনিটের মাথায় টাঙ্গাইলের জালে একবার বল জড়ানোর সক্ষমতা দেখায় খুলনা দলের মধ্যমাঠের খেলোয়াড় শান্ত। ৩-১ ফলাফল কাটিয়ে দ্বিতীয়ার্ধের ঠিক ১৫ মিনিটের মাথায় আরো একবার জোরাল আক্রমণ নিয়ে প্রতিপক্ষের বারপোস্টের দিকে এগিয়ে যায় দলনেতা শাহিন। তবে অল্পের জন্য শর্টটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে চলে যায়। প্রথম থেকেই দলের অন্যতম এ নির্ভরযোগ্য খেলোয়াড় বেশ কয়েকবার প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে গেছেন। তবে তিনি সমর্থন পাওয়ার মতো আর কাউকে আশপাশে পাননি। তাই ওই আক্রমণগুলোও নস্যাত হয়ে গেছে। শেষ পর্যন্ত টাঙ্গাইলের অব্যহত আক্রমণে বিদ্ধস্ত হতেই হয় তাদেরকে। টাঙ্গাইলের নিস্পৃহ মিডফিল্ড ও ভঙ্গুর ডিফেন্সের সুযোগে একের পর এক আক্রমণে শাহিনদের দিশেহারা করে তোলে টাঙ্গাইল আক্রমণভাগ। শেষ পর্যন্ত ৪-১ গোলে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে শেখ কামাল স্মৃতি সংসদ, খুলনা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, ডায়মন্ড ওয়ার্ল্ড (বিডি)’র পরিচালক রিপনুল হাসান রিপনসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশাল জয় নিয়ে এবার টাঙ্গাইলকে লড়তে হবে শক্তিশালী চুয়াডাঙ্গা জেলা একাদশের সাথে। আগামী ১৬ অক্টোবর সোমবার কোয়ার্টার ফাইনালের ১ম ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল। আজ একই মাঠে মুখোমুখি হবে উত্তরবঙ্গের ফুটবল রণকৌশলী দু’দল নওগাঁ জেলা একাদশ ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা।
কমেন্ট বক্স