৫৬ বোতল ফেনসিডিল ও ১২ বোতল মদসহ আটক ৪
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৭
ইং
দামুড়হুদার কামারপাড়া ও ঈশ্বরচন্দ্রপুরে বিজিবির পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার কামারপাড়া ও ঈশ্বরচন্দ্রপুরে পৃথক অভিযান চালিয়েছে বিজিবি। এসময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৬ বোতল ফেনসিডিল এবং ১২ বোতল মদ উদ্ধার করে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক রাশিদুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত আনুমানিক ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার কামারপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় কামারপাড়া গ্রামের সুইচ গেট পাকা রাস্তার উপর হতে ৩জনকে আটক করেন। আটককৃতরা হলো, কামারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে বজলুর রহমান (৩০), সাদেক হোসেনের ছেলে হাফিজুর ইসলাম (৩২), এবং মৃত মিনাল বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২৫)। এসময় তাদের কাছ থেকে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১২ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৪০০টাকা। আটককৃতদের মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। সুবেদার আমিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে, শুক্রবার রাত আনুমানিক ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। গ্রামের বিএসপি মাঠ নামক স্থান থেকে ওয়াসিম নামের একজনকে আটক করা হয়। আটককৃত ওয়াসিম (৩০), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আনাউল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। সুবেদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উদ্ধারকৃত ৫৬ বোতল ফেনসিডিল এবং ১২ বোতল মদ এর সর্বমোট মূল্য ৪০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কমেন্ট বক্স