দেলোয়ারসহ ৩৭ জনের নামে মামলা করে আসামী রফিকের আত্মসমর্পণ
- আপলোড তারিখঃ
১৩-০৯-২০১৭
ইং
আলমডাঙ্গার হাঁপানিয়ায় ঈদের জামাত শেষে মারামারির ঘটনায় জয়নাল হত্যা মামলার বাদী
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামে মাদ্রাসার মালিকানাধীন ৬ বিঘা আমবাগানের ইজারা নিয়ে ক্ষমতাসীন দলের দু’পক্ষের বিরোধের জেরে ঈদেরদিন সশস্ত্র সংঘর্ষ ও জয়নাল হত্যা মামলার অন্যতম আসামী রফিক (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছে। সে ওই গ্রামের রবজেল আলীর ছেলে। এরআগে রফিক বাদী হয়ে দন্ডবিধি ও বিস্ফোরক আইনে জয়নাল হত্যা মামলার বাদীসহ ৩৭ জনের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে।
অভিযোগে জানা যায়, হাপানিয়া মদিনাতুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসার মালিকানাধীন ৬ বিঘা আয়তনের আম বাগান লিজ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবাদমান দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ঈদুল আযহার নামাজ শেষে আওয়ামী লীগ নেতা দেলোয়ার গ্রুপের লোকজনের উপর অস্ত্র ও বোমা নিয়ে ঝাপিয়ে পড়ে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লু গ্রুপের লোকজন। এ সময় ইমদাদুলের কাছে থাকা পিস্তল দিয়ে জয়নালকে গুলি করে ও অন্যরা বোমা হামলা চালিয়ে, কুপিয়ে এবং পিটিয়ে অন্তত ১৪-১৬ জনকে গুরুতর আহত করে। এ ঘটনায় উভয় পক্ষের ২৪ জন আহত হয়। এরমধ্যে গুলিবিদ্ধ জয়নালের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রেফার্ড করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন বাদী হয়ে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানসহ ২৮ জনকে আসামী করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করলে ওইদিনই পুলিশ এজাহারভুক্ত ৮ জনকে আটক করে।
এদিকে এ মামলার অন্যতম আসামী রফিক ঘটনার পর থেকে আত্মগোপণে থাকার পর গতকাল মঙ্গলবার আমলী আদালত, আলমডাঙ্গায় হাজির হয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ও ৫০২ এবং বিস্ফোরক আইনে ৩ ও ৪ ধারায় জয়নাল হত্যা মামলার বাদী দেলোয়ার হোসেন এবং মন্টুসহ ৩৭ জনের নামে নালিশী মামলা দায়ের করে। আমলী আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করেন। পরে রফিক তার বিরুদ্ধে দায়েরকৃত জয়নাল হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারিক আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
কমেন্ট বক্স