বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চালক ও হেলপার আটক; ট্রাক জব্দ

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৪ ইং
চালক ও হেলপার আটক; ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক/ প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভুট্টাবোঝাই একটি ট্রাক থেকে ১৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় ২৪৮ বস্তা ভুট্টাসহ মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকটির চালক সোহাগ মিয়া (৩০) ও হেলপার সোহাগ হোসেনকে (২৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ সদর উপজেলার কিরোণগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করে। আটককৃত ট্রাকচালক দামুড়হুদা উপজেলার দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও হেলপার একই এলাকার নূর আলমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, দর্শনা থেকে ফেন্সিডিল পাচারের উদ্দেশ্যে ভুট্টাবোঝাই একটি ট্রাক সরোজগঞ্জ অভিমুখে যাবে বলে গোপন সংবাদ পায় ডিবি পুলিশ। এর পরপরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিদ হাসান, এএসআই মাহমুদুল হাসান ও রজিবুল হক সঙ্গীয় ফোর্সসহ কিরোণগাছি গ্রামের সড়কে অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশী করা হলে ট্রাকের ডালায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা দেড় বস্তা ফেন্সিডিল উদ্ধার হয়। যার ভেতরে পাওয়া যায় ১৭১টি ফেন্সিডিল। এসময় চালক ও হেলপারকে আটক করে ভুট্টাবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২২২৪৬৭।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আসামিরা স্বীকার করেছে যে- মাদক পাচারের উদ্দেশ্য ভুট্টা বহনকারী ট্রাকের ডালায় অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল লুকিয়ে রেখেছিল তারা। গত বুধবার সরোজগঞ্জ আল্লাহর দান এন্টারপ্রাইজ থেকে ঢাকায় বিক্রির জন্য ট্রাকে ভুট্টা লোড করা হয়। তবে ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পূর্বে গতকাল দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে নিয়ে ফেন্সিডিল লোড করে চালক ও হেলপার। তাদের দেখানো মতে ট্রাকের পিছনের ডালায় থাকা ১৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৩ লাখ ৪২ হাজার টাকা। এদিকে, গতকাল রাতেই আটক দুই আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দর্শনা থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক ফেন্সিডিলের বড় চালান নিয়ে সরোজগঞ্জ হয়ে ঢাকা যাবে। জেলা পুলিশ সুপারের নির্দেশে যে কোনভাবে ট্রাকটি আটক করতে সরোজগঞ্জ কালুপোল সড়কের কেটের মাঠ নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক ট্রাকটি থামিয়ে চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করলে তারা ফেন্সিডিল বহনের কথা স্বীকার করে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা