বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা বাজারে গার্মেন্টস ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২৪ ইং
কার্পাসডাঙ্গা বাজারে গার্মেন্টস ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে গার্মেন্টস ব্যবসায়ী এক্সপোর্ট পয়েন্টের মালিক সানোয়ার খাবলির দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধরসহ তার দোকানে থাকা ৫০ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার বেলা তিনটার দিকে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সদস্যরাসহ পাঁচ শতাধিক দোকানী বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল শেষে কার্পাসডাঙ্গা বাজারের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নেতারা। সেই সাথে আজ সোমবার সকাল ১০টার দিকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গার্মেন্টস ব্যবসায়ী সানোয়ার খাবলি বলেন, ‘আমার দোকানের পাশে মিকাইলের টিনের দোকানে রোববার বেলা ১১টার দিকে একটি ট্রাকে সিমেন্ট শিটের টিন আসে। ট্রাকটি আমার দোকানের সামনে ভিড়িয়ে তারা টিন আনলোড করতে থাকে। এসময় আমি জয়নাল নামের এক লেবারকে বলি তোমরা আমার দোকানের সামনে টিন আনলোড করলে আমার দোকানে তো কাস্টমার আসতে পারবে না। টিন আনলোড করতে ২ ঘণ্টা লাগবে। তোমরা ট্রাকটা আরেকটু সামনে নিয়ে গাড়ি আনলোড করো। তাকে এভাবে টিন আনলোড করতে নিষেধ করলে সে আমার কলার চেপে ধরে। পরবর্তীতে এলাকার নামধারী শীর্ষ ক্যাডার আরিফুল, জয়নাল, লতিফ, শহীদসহ অজ্ঞাত আরও ৭-৮ জন আমার দোকানে ঢুকে আমাকে এলোপাতাড়ি বাটাম দিয়ে মারতে থাকে। আর আমার দোকানে থাকা অপূর্ব ও পাশের দোকানদার আজগরকেও তারা মেরে আহত করে আমার দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।
এদিকে ঘটনার পর থেকেই তারা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি বলেন, দোকানদারদের ওপর ও ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে বাজারের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বাজারে মানববন্ধন করা হবে। ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা