চুয়াডাঙ্গা বড় বাজার থেকে রোগী দেখার নাম করে অটো রিজার্ভ করে বিপত্তি : সদর হাসপাতাল থেকে অভিনব কৌশলে অটো নিয়ে চম্পট
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০১৭
ইং
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বর থেকে এক হতদরিদ্রের ব্যাটারি চালিত অটো রিক্সা অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার অটোচালক শিমুল চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের দোহারপাড়ার দাউদ আলীর ছেলে। অটোচালক শিমুল অটোটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
জানা গেছে, গতকাল ২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তার মোড় থেকে দুই ব্যক্তি শিমুলের অটোটি রিজার্ভ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে দৌলৎদিয়াড়ে যাওয়ার কথা বলে। পরে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে পৌছালে অটোচালক শিমুলকে হাসপাতালের ওয়ার্ড থেকে রোগীকে নিয়ে আসার জন্য অনুরোধ করে। শিমুল যেতে না চাইলে তাকে ধামকি দেয় ওরা। পরে ছিনতাইকারি চক্রের এক সদস্য শিমুলকে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে যায় রোগি আনতে। অন্যজন অটো পাহারা দিবে বলে জানায় শিমুলকে। ওয়ার্ডের ভেতরে রোগি খুজে না পাওয়ায় অটো চালক শিমুলের মনে সন্দেহ হয়। বাইরে এসে দেখে যে তার অটোটি নাই। সাথে থাকা ওই ব্যক্তিও নাই। পরে শিমুল অনেক খোজাখোজির পরও অটোটি না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ রানার নিকট জানতে চাইলে তিনি বলেন, হাসপাতাল চত্ত্বরে ঘটা এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আপনার নিকট থেকেই প্রথম শুনলাম। তবে আমার কর্মচারীরা হয়তো শুনতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক ছিনতায়ের ঘটনাটি উড়িয়ে দিয়ে বলেন, গতকাল বড়বাজার থেকে দু’জন চিটার বাটপার ২০০ টাকা দিয়ে এক বাচ্চা আটো চালককে ভাড়া করে। পরে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নামলে ভাড়া না দিয়ে দুইজন দু’দিকে চলে যায়। পরে অটোচালক শিমুল তাদেরকে খুজে না পেয়ে পূণরায় একই স্থানে ফিরে এসে দেখে তার অটোটি নাই। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা সদর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো।
কমেন্ট বক্স