বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আ.লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের চুয়াডাঙ্গায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০১৭ ইং
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আ.লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের চুয়াডাঙ্গায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ
`Chuadangaনিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে এর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চুয়াডাঙ্গার আইনজীবীরা। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে সিনিয়র আইনজীবী এড. তছিরুল আলম মালিক ডিউক এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পিপি এড. মুহা. সামসুজ্জোহা, সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ, সেলিম উদ্দীন খান, আলমগীর হোসেন, আব্দুল মালেক। এড. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এড. তসলিম উদ্দিন ফিরোজ, সামসুল আরেফিন ভুট্টু, আবুল পাষাণ প্রমূখ। বক্তারা বলেন, ‘একটি মহল রায় নিয়ে বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।’ তাছাড়া রায়ে যেসব ‘আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক’ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো স্বতপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে আদালতের প্রতি দাবি জানায় আইনজীবী সংগঠনটি। অপরদিকে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান মো. খায়রুল হকের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সংবিধানের ষোড়শ সংশোধনী রায়কে অভিনন্দন ও সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এদিন দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে আইনজীবীরা। পরে মিছিলটি আদালত এলাকায় ঘুরে পুনরায় আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. এস এম শাহজাহান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী নেতা এড.ওয়াহেদুজ্জামান বুলা, সিনিয়র আইনজীবী মো. মোসলেম উদ্দীন, এড. এস এম আসাদুজ্জামান গণি, এড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, এড. এস এন এ হাশেমী (হাইকোর্ট), আনসার আলী, মোশাররফ হোসেন, ফারুফ সরোয়ার বাবু, মানি খন্দকার প্রমূখ। বক্তারা বলেন, ‘বিচারপতি খায়রুল হক ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন। তিনি তার বক্তব্যে বিচারপতিদের অবসরগ্রহণের পর চাকরিতে যোগদান করা উচিৎ নয় বলেছেন, আবার তিনি সরকারি চাকরি নিয়েছেন। তিনি প্রধান বিচারপতি ও ষোড়শ সংশোধনী নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে চাকরিবিধি লঙ্ঘন করেছেন।’ বক্তারা আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বাতিল সংক্রান্ত মামলায় ওপেন কোর্টে যে রায় দেয়া হয়েছিল ১৬ মাস পর তিনি সেই রায় পাল্টে দিয়েছেন। এ রায় দিয়ে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। অনেকে বলছেন, তাকে দেশ ছাড়া করতে হবে, আমি বলছি, তাকে গ্রেফতার করে জনতার আদালতে বিচার করতে হবে।’ রায় নিয়ে সরকারের মন্ত্রীরা আপত্তিকর বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে বক্তারা বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় ভালভাবে না পড়ে তারা লাগামহীন বক্তব্য দিচ্ছেন।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’