বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসপাতালের বারান্দায় পড়ে থাকা বৃদ্ধাকে নেয়া হলো ওয়ার্ডে

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৭ ইং
হাসপাতালের বারান্দায় পড়ে থাকা বৃদ্ধাকে নেয়া হলো ওয়ার্ডে
নিজস্ব প্রতিবেদক: সারাদিন পর গতরাতে ওয়ার্ডে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধাকে। গতকাল বুধবার রাতে তাকে মহিলা মেডিসিন ওয়ার্ডে নেয়া হয়। তাকে ওয়ার্ডের মেঝেতে বিছানার ওপর রাখা হয়েছে। সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে। তবে, সারাদিন পর বৃদ্ধাকে ওয়ার্ডে নেয়া হলেও, সকাল বিকাল দেখভাল করা হয়েছে দাবি করেছেন এক আয়া। গত শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। প্রথমে ওয়ার্ডের সামনের বারান্দায় নিজের যায়গা করে নিলেও পরে তাকে সরিয়ে রাখা হয় আরএমও'র কক্ষের সামনে টয়লেটের পাশে। তবে তার চিকিৎসার কোন ব্যবস্থা করা হয়নি। গত পরশু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় বারান্দায় টয়লেটের পাশে শুয়ে আছেন ওই বৃদ্ধা। এসময় তার বিষয়ে জানতে গেলে হাসপাতালের এক আয়া জানান, গত শনিবার কোন একসময় সে হাসপাতালে এসেছে। তারপর থেকে তিনি ওইখানেই আছেন। অনাহারে দিন কাটলেও গত সোমবার রাতে রোগীর এক স্বজন বৃদ্ধার খাওয়ার পাউরুটি ও কলা কিনে দেন। তার চিকিৎসার বিষয়ে জানতে চাইলে মহিলা মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত সেবিকা জানান, ওই বৃদ্ধার কোন চিকিৎসাপত্র নেই, ফলে তাকে কোন সেবা দেয়া হচ্ছে না। এ বিষয়ে গতকাল বুধবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। টয়লেটের পাশে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়। ফেসবুকে দেখে অনেকেই বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা ভার নেয়ার সদিচ্ছাও প্রকাশ করেন। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন চিকিৎসক ডা. পরিতোষ কুমার ঘোষ ওই বৃদ্ধাকে ওয়ার্ডে নেয়ার জন্য বলেন। পরে তাকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা করা হবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’