মেহেরপুরের মদনাডাঙ্গা-আমঝুঁপি সড়কে পাওয়ারট্রিলারের গতিরোধ করে ছিনতাই
অস্ত্রের মুখে জিম্মি করে গরুব্যবসায়ীদের নগদ ৬ লাখ টাকা লুট
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মদনাডাঙ্গা-আমঝুঁপি সড়কে পাওয়ারট্রিলারের গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গার ডুগডুগি পশুহাট থেকে ফেরার পথে মদনাডাঙ্গা-আমঝুপি সড়কের একটি কালভার্টের কাছে পৌছালে পাওয়ারট্রিলারের গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় অস্ত্রের মুখে গরুব্যবসায়ীদের জিম্মি করে নগদ প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। সোমবার সাড়ে রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তবে, এঘটনায় ছিনতাইকারীদের আটক করতে না পারলেও, তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর থানার ওসি।
ছিনতাইয়ের শিকার মেহেরপুরের নতুন মদনাডাঙ্গা গ্রামের গরুব্যবসায়ী ইয়াছিন আলী জানান, গরু বিক্রির উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগির পশুহাটে যান ইয়াছিন আলীসহ ৬ জন গরুব্যবসায়ী। সেখানে গরু বিক্রি করে পাওয়ারট্রিলারযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেহেরপুরের মদনাডাঙ্গা-আমঝুপি সড়কের কালভার্টের কাছে পৌঁছালে তাদের পাওয়ারট্রিলারের গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। অস্ত্রের মুখে গরুব্যবসায়ীদের জিম্মি করে ইয়াছিন আলীর কাছ থেকে এক লাখ ৮৫ হাজার, আব্দুল মান্নানের কাছ থেকে এক লাখ ৬৫ হাজার, শওকত আলীর কাছ থেকে এক লাখ ২৯ হাজার, খোকশা গ্রামের মোজাম হোসেনের কাছ থেকে ৭৫ হাজার, সানোয়ার আলীর কাছ থেকে ১৬ হাজার ও পুরাতন মদনাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের কাছ থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় জড়িত ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। দ্রুত তাদের আটক করে আইনের আওতায় নেয়া হবে।