সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ডাউকীতে ৪৫ জনের নাম উল্লেখসহ ২ শ জনের বিরুদ্ধে মামলা, তিনজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২১ ইং
আলমডাঙ্গার ডাউকীতে ৪৫ জনের নাম উল্লেখসহ ২ শ জনের বিরুদ্ধে মামলা, তিনজন গ্রেপ্তার

আলমডাঙ্গার ডাউকীতে স্বতন্ত্র প্রার্থী নাজমুল ও পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা

আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউপির পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইন ও পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাতেই আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিয়তউল্লাহ বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি চিনির উদ্দিনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে চিনির উদ্দিন (৫৪) একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সিহাব রাসেল (১৯) ও বকসিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মজনু হোসেন (২০)। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এদিকে, আওয়ামী লীগ মনোনীত বিজয়ী চেয়ারম্যান তরিকুল ইসলামের হামলায় গুরুতর আহত স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইনের অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাঁকে কুষ্টিয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। নাজমুল হুসাইনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাজমুলের অবস্থা সময় গড়ানোর সাথে সাথে অবনতির দিকে যাচ্ছে। মাথায় আঘাত করার কারণে নাজমুলের বমি বন্ধ হচ্ছে না। ডাক্তার নাজমুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন । আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইন ও পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ শ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যারাতে আলমডাঙ্গা উপজেলার ডাউকীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। নাজমুল হুসাইন ডাউকী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর ওপর নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ঘটনার দিন রাত ৯টার দিকে আলমডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। এ বিক্ষোভ সমাবেশের পাল্টা বিক্ষোভ করতে গেলে তরিকুল চেয়ারম্যানের লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় তরিকুলের বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের দুটি ও সাধারণ মানুষের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক শাহাবুল, এএসআই শরিফুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী