সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মন্ত্রীসভায় বৈঠক : ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা ১ নভেম্বর থেকে শুরু

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২১ ইং
মন্ত্রীসভায় বৈঠক : ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা ১ নভেম্বর থেকে শুরু
আগামী ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন ১ নভেম্বর থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব। সেটা ঢাকায় ১২টি কেন্দ্র আমরা ঠিক করেছি। সেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হবে। অন্যান্য টিকা কার্যক্রমও চলমান থাকবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলামও এ বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনলাইনে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষ থেকে অংশ নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার জন্য তালিকা শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে দিয়েছি। তারা সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র যেন আরো বাড়ানো হয়। আমরা সে দিকে নজর দেবো। সারা দেশেই আমরা স্কুলের ছেলেমেয়েদের টিকা দেয়ার ব্যবস্থা করেছি। ঢাকার বাইরে স্কুলশিক্ষার্থীদের কবে থেকে টিকা কার্যক্রম শুরু করা হবে- এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ঢাকার বাইরে টিকা কার্যক্রম শুরু করতে একটু সময় লাগবে। আমরা তো সবকিছু করতে পারি না। শিক্ষা মন্ত্রণালয় তালিকা তৈরি করছে। সেই তালিকা আমরা আবার আইসিটি মন্ত্রণালয়ে পাঠাই। তারা নিবন্ধন করার পর আমাদের কার্যক্রম। তিনি আরো বলেন, প্রতিটি জেলায় টিকা দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যেখানে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই, সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। দৈনিক কত শিক্ষার্থীকে টিকা দেয়া হবে- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন যেটা হাতে নিয়েছি, তাতে প্রতিদিন প্রায় ৪০ হাজার টিকা দেয়া যাবে। টিকা যত দিন মজুদ থাকবে, এ কার্যক্রমও তত দিন চালু থাকবে। আমাদের কাছে যথেষ্ট টিকা মজুদ আছে। জাহিদ মালেক বলেন, গত রাতে সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা এসেছে। এ নিয়ে দুই কোটির বেশি টিকা আমাদের হাতে রয়েছে। তিন দিনে আমরা প্রায় ৮০ লাখ টিকা দিয়ে দেবো। এ কর্মসূচি শুরু হয়ে গেছে। মন্ত্রিসভার বৈঠকে টাঙ্গাইলের আতিয়া বন (সংরক্ষণ), আইনের খসড়া ও কপিরাইট আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া ওষুধ আইনের খসড়া উপস্থাপনের পর আলোচনা করা হলেও সেটি নীতিগত অনুমোদন দেয়া হয়নি। এটি আরো পর্যালোচনা করতে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ই-কমার্স কোম্পানিগুলোকে নিবন্ধনের নির্দেশনা: ইভ্যালিসহ বিভিন্ন কোম্পানির শত শত কোটি টাকার প্রতারণা ও আত্মসাতের ঘটনার প্রেক্ষাপটে ই-কমার্স খাতের কোম্পানিগুলোকে দুই মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এবং এর সাথে যারা সম্পৃক্ত আছে, আগামী দুই মাসের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এ নিবন্ধন হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিবন্ধন প্রক্রিয়ায় কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো সমস্যা হলে সেই ডিপোজিট থেকে সমাধান করা যায়। ই-কমার্স খাতে অনিয়ম বন্ধ করতে বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টিলিজেন্স ইউনিট), ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। সচিব বলেন, নিবন্ধনের বিষয়ে ব্যাপক প্রচারের কথা বলা হয়েছে। নিবন্ধিত কোম্পানির বাইরে কেউ লেনদেন করলে সরকার দায়িত্ব নেবে না বলেও প্রচার চালানো হবে। সরকারি ছুটি ২২ দিন: মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালে ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি থাকছে। সব মিলিয়ে ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে ছয় দিন। মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে। বরাবরের মতো এবারো বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঐচ্ছিক ছুটি ধর্মীয় উৎসবের জন্য তিন দিন আর পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং এর বাইরে যে নৃগোষ্ঠী আছে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য দু’দিন ঐচ্ছিক ছুটি থাকবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী