আঞ্চলিক পরিবহন কমিটির সভায় সিদ্ধান্ত, মেহেরপুর-ঝিনাইদহ ভায়া চুয়াডাঙ্গা মহাসড়কে
- আপলোড তারিখঃ
২৮-১০-২০২১
ইং
আইনের প্রতি আমাদের সকলের সম্মান জানাতে হবে : এমপি ছেলুন জোয়ার্দ্দার
চুয়াডাঙ্গায় আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কমিটির উপদেষ্টা ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুনতাজুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু প্রমুখ সভায় অংশ নেন। সভায় পরিবহন ও ইজিবাইক নেতারা তাঁদের নিজের নিজের দাবি-দাওয়া তুলে ধরেন।
আলোচনায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আইনের প্রতি আমাদের সকলের সম্মান জানাতে হবে। আগে আইন আমাদের কী নির্দেশ দিচ্ছে, সেটা মানতে হবে। হাইকোর্টের নির্দেশ আছে আঞ্চলিক মহাসড়কে অবৈধ যান উঠবে না। আমাদের সেটা মানতে হবে। তারপর যদি উভয় পক্ষের কোনো চাওয়া থাকে, সেটা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে।’
আলোচনার একপর্যায়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সভার সিদ্ধান্ত মোতাবেক জেলার মেহেরপুর-ঝিনাইদহ ভায়া চুয়াডাঙ্গা মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের ঘোষণা দেন। তিনি বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচল করবে না। মহাসড়কে অবৈধ যান উঠতেই দেওয়া হবে। শহরের ওপরে যেখানে সেখানে ইচ্ছামতো বাস দাঁড় করানোও যাবে না। দৌলতদিয়াড় বাসস্ট্যান্ডে বাস থামবে। মহাসড়কে ইজিবাইক চলবে না। ইজিবাইক শহরের মধ্যে চলবে। ইজিবাইক যাত্রী নিয়ে দৌলাতদিয়াড় বাসস্টান্ডে নামাবে। আবার শহরের যাত্রী নিয়ে আসবে।
এসময় সভার সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা পৌরসভার জন্য ইজিবাইকের রং কমলা নির্ধারণ করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার পৌর মেয়রকে ১৫ দিনের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার নিবন্ধিত ইজিবাইকের তালিকা দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, স্ব স্ব উপজেলার মধ্যে ইজিবাইক চলবে। পৌরসভার ইজিবাইক পৌরসভায় চলবে। মহাসড়কে অবৈধ যান উঠবে না।
এসময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এই সিদ্ধান্তকে সমর্থন করেন। তিনি বলেন, ‘আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জনগণের কথাও ভাবতে হবে। জনগণের যেন ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
কমেন্ট বক্স