ঝিনাইদহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এবারের স্লোগান ছিল ‘ডিজিটাল সাদাছড়ি নিরাপদে পথচলি’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এ আয়োজন করে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম সরকার বলেন, সৃষ্টিকর্তা সকলকেই একইভাবে তৈরি করেছেন। আপনাদের চলাচলের সুযোগ সৃষ্টি করা যায়, সেজন্য প্রতিটি স্থানে র্যাম্প তৈরি করা হবে। আপনারা কখনই নিজেদের অসহায় মনে করবেন না। সকলের মতো আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।’ তিনি আরও বলেন, প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, কিংবা তারা সমাজের কোনো বোঝা নন। তাদের যথার্থ সেবা, শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ প্রদান নিশ্চিত করা গেলে তারাও সমাজের আর দশজন মানুষের মতো জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। তাদের উন্নয়নে যা যা করা দরকার তাই করছে সরকার। প্রতিবন্ধীদের সেবায় আন্তরিকতার সাথে সকলকে পাশে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া, চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি মুন্সি আলমগীর হান্নান ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আনারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, পিআরপিডি প্রকল্পের সমন্বয়কারী ইউনুস আলী ও প্রকল্প কর্মকর্তা আব্দুল আজিজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালটেন্ট নুর আলম আকাশ। অনুষ্ঠানে ইউকেএইড-এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় সাদা ছড়ি, হুইল চেয়ার, এলবো ক্র্যাচ, ক্র্যাচ, ট্রাইসাইকেল প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
ঝিনাইদহ:

‘ডিজিটাল সাদাছড়ি নিরাপদে পথচলি’ এ স্লোগানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে ঝিনাইদহে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে গতকাল সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধীদের মধ্যে ২৫টি হুইল চেয়ার ও ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।