সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তৃতীয় ধাপে ১০০৭টি ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২১ ইং
তৃতীয় ধাপে ১০০৭টি ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর
চুয়াডাঙ্গার ১৩টি, মেহেরপুরে ৬টি ও ঝিনাইদহে ১৬টিসহ সারাদেশে সমীকরণ প্রতিবেদন: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর চুয়াডাঙ্গায় ১৩টি, মেহেরপুরে ৬টি ও ঝিনাইদহে ১৬টি ইউনিয়নসহ সারাদেশে এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এছাড়াও ১০টি পৌরসভায় একই দিনে ভোট হবে বলে জানান ইসি সচিব। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে। এক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘এসএসসি ও এইচএসসির সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করেছি। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। ভোটের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। শিক্ষকদেরও অনেকে ভোটের দায়িত্বে থাকেন।’ দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে নির্বাচন উপযোগী ইউপিগুলোতে ডিসেম্বরের মধ্যে ভোট শেষ করার কথা জানিয়েছে ইসি। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার যে ১৩টি ইউনিয়নে নির্বাচন হবে: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া, হারদী, কুমারী, বারাদী, গাংনী, খাদেমপুর, জেহালা, বেলগাছি, ডাউকী, জামজামী, খাসকররা, কালিদাসপুর ও চিৎলা। মেহেরপুরের যে ৬টি ইউনিয়নে নির্বাচন হবে: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ও বুড়িপোতা, গাংনী উপজেলার কাজিপুর, ষোলটাকা, ধানখোলা ও রায়পুর। ঝিনাইদহের যে ১৬টি ইউনিয়নে নির্বাচন হবে: কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর, দোড়া, কুশনা, বলুহর ও এলাঙ্গী এবং কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর, জামাল, কোলা, নিয়ামতপুর, শিমলা রোকনপুর, ত্রিলোচনপুর, রায়গ্রাম, মালিয়াট, বারবাজার, কাষ্টভাংগা ও রাখালগাছি। উল্লেখ্য, ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে। এবার তৃতীয় ধাপের এক হাজারের অধিক ইউপিতে ভোট নেওয়া হবে। প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতিমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী