অপরাধ রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার তাগিদ
- আপলোড তারিখঃ
১০-১০-২০২১
ইং
চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশ সফল করার লক্ষে সভায় এসপি জাহিদ
সমীকরণ প্রতিবেদন:
আগামী ৩০ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং-এর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হবে। পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য সমাবেশের প্রস্তুতিমূলকসভা গতকাল শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম কমিউনিটি পুলিশ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, এর আগে চুয়াডাঙ্গা পুলিশং সমাবেশ অপরাধ প্রবণতা হ্রাসে অনেকটাই ফলপ্রসূ হয়। এবারের আয়োজনও যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারে সে লক্ষে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক সভা আহ্বানের বিস্তারিত তুলে ধরে বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জেলার অপরাধ প্রবণতা রোধে অনেকটাই সফলতা পাওয়া গেছে। আগামী ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশং-এর বার্ষিক সমাবেশ। কোথায় কখন কীভাবে সমাবেশ করলে সমাজ উপকৃত হবে সে বিষয়ে জেলা পুলিশিং কমিটির উপস্থিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকলের নিকট থেকে মতামত আহ্বান করেন। সভায় উপস্থিত থেকে মতামত দেন জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান, সদস্যসচিব মো. মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাড. মো. বেলাল হোসেন, সদস্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. মানিক আকবর, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজিজুর রহমান, সোনালী ব্যাংক ডিঙ্গেদহ শাখা ব্যবস্থাপক রুস্তম আলী, নুঝাত পারভীন, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাংবাদিক শাহ আলম সনি, একরামুল হোসাইন, জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম প্রমুখ।
এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশ হচ্ছে জনগণের সাথে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। কোভিড-১৯ মহামারির কারণে কমিউিনিটি পুলিশিং কমিটির কার্যক্রম কিছুটা অদৃশ্য হলেও স্ব স্ব অবস্থানে থেকে কার্যক্রম চলেছে, চলছে। কমিউনিটি পুলিশিং সদস্যদের বেশি বেশি করে সমাজের অপরাধ প্রবণতা রোধে সজাগ ও দায়িত্বশীল হতে হবে। আগামী ৩০ অক্টোবরের সমাবেশ সর্বাত্ম সফল করার জন্য প্রয়োজনে আরও প্রস্তুতি সভা আহ্বান করে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সকল প্রকার ব্যবস্থা নেবেন।
কমেন্ট বক্স