বর্তমান সরকার দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
- আপলোড তারিখঃ
০৮-১০-২০২১
ইং
আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, এ অঞ্চলের মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্টের সম্মুখীন হত। বর্তমান সরকারের উদ্যোগে এ অঞ্চলের মানুষ পাঁকা রাস্তা দিয়ে চলাচল করে। নাগদাহ ইউনিয়নের সাধারণ মানুষের এখন চিন্তা নেই। বর্তমানে এ ইউনিয়নের অধিকাংশ রাস্তা পাঁকা। এই অঞ্চলে যে অবশিষ্ট রাস্তা ও ব্রিজের ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষের, সেগুলোর তালিকা করে নিয়ে দ্রুত সেগুলো সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষি, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন মানুষ খাদ্যের অভাবে মারা যায় না। মন্দা নামক যে অভিশাপ, তা থেকে জনগণ মুক্তি পেয়েছে। মন্দাতে এখন আর হয় না। মন্দাকে আমরা চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছি।
নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নান্নু মিয়া, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান হায়াত, আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপুল, সাধারণ সম্পাদক রতন আলী, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আমিরুল ইসলাম মণ্টু, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু ও সাধারণ সম্পাদক বিল্লাল গনি।
কমেন্ট বক্স