প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তে করোনা মোকাবিলায় আমরা অনেক এগিয়ে
- আপলোড তারিখঃ
০৭-১০-২০২১
ইং
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা উপকরণ বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় বিভিন্ন চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদের নিকট এসব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী কোভিডের কারণে স্থবির হয়ে পড়েছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারণে আমরা কোভিড-১৯ মোকাবিলায় অনেক দেশের চেয়ে এগিয়ে আছি। বিশেষ করে বিশ্বের বহুদেশের চেয়ে দ্রুত করোনা ভ্যাকসিন এনে প্রয়োগ করেছি। বর্তমানে ডাবল ডোজ ও সিঙ্গেল ডোজ সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ কোটি মানুষকে করোনা টিকা দিতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘দেরিতে হলেও উপজেলা পরিষদ ও জাইকার সহায়তায় আমরা হারদী হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে অক্সিজেন সিলিন্ডার ২৯টি, অক্সিজেন ফ্লো-মিটার ২৯টি, অক্সিজেন মাস্ক ৩৮টি, ভেনচুরি মাস্ক ৩০টি, অক্সিমিটার ৩০টি, আইপিএস ২টি, পেশেন্ট মনিটর ২টি, অক্সিজেন কনসেনটেরিটর ২টি, স্যাকসন ড্রাইভ ২টি, পেশেন্ট বেড ১০টি ও এয়ার কন্ডিশন ২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হলো।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গার থানার (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিকুর রহমান ওল্টু, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসান উল্লাহ, ডা. শারমিন আক্তার প্রমুখ।
কমেন্ট বক্স