জেলার ১১৭টি মণ্ডপে হবে দুর্গোৎসব
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২১
ইং
চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরষিদ চুয়াডাঙ্গার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী ও চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান।
সভায় জানানো হয়, এ বছর চুয়াডাঙ্গার পাঁচটি থানার মোট ১১৭টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় পূজা মণ্ডপের সংখ্যা ২৪টি, আলমডাঙ্গা থানায় পূজা মণ্ডপের সংখ্যা ৩৮টি, দামুড়হুদা থানায় পূজা মণ্ডপের সংখ্যা ১৪টি, জীবননগর থানায় পূজা মণ্ডপের সংখ্যা ২৩টি ও দর্শনা থানায় পূজা মণ্ডপের সংখ্যা ১৮টি।
পূজা মণ্ডপের নিরাপত্তায় জেলার ১১৭টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণসহ তিন ভাগে ভাগ করেছে জেলা পুলিশ। অধিক গুরুত্বপূর্ণ পুজা মণ্ডপগুলোর নিরাপত্তা দায়িত্বে একজন এসআই, দুইজন পুলিশ কনস্টেবল, একজন পিসি, একজন এসিপি, তিনজন পুরুষ আনসার ও দুইজন মহিলা আনসারসহ ১০ জন। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকবে দুইজন পুলিশ কনস্টেবল, একজন পিসি, একজন এসিপি, দুইজন পুরুষ আনসার ও দুইজন মহিলা আনসারসহ আটজন এবং সাধারণ পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা দায়িত্বে থাকবে দুইজন পুলিশ কনস্টেবল, একজন এসিপি, দুইজন পুরুষ আনসার ও দুইজন মহিলা আনসারসহ সাতজন। সব মিলিয়ে জেলার ১১৭টি পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬৩৪ জন পুলিশ সদস্য ও ৭৪৭ জন আনসার সদস্য।
কমেন্ট বক্স