নৌকা পেতে বাবা-ছেলেসহ চার প্রাথীর দৌঁড়ঝাপ!
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২১
ইং
জীবননগরের সীমান্ত ইউপি নির্বাচন, এলাকায় বইছে ভোটের হাওয়া
জীবননগর অফিস:
দ্বিতীয় ধাপে জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে বাবা-ছেলেসহ চারজন মনোনয়ন প্রত্যাশী দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ তালিকায় রয়েছেন ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গতবার সীমান্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ. মালেক মোল্লা, আ. মালেক মোল্লার ছেলে সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন মোল্লা, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শুকুর এবং সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও গতবার সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জাকির হোসেন বিশ্বাস এবার পুরোদমে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এই নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায় রয়েছেন নেতা-কর্মী ও সমর্থকরা।
জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, 'সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন দলীয় প্রার্থী দেওয়া হবে। এ নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। এ কারণে দলের প্রার্থীর সংখা চারজন হওয়ায় যাচাই-বাছাই করে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তবে সীমান্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগেরর সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকা চষে বেড়ালেও বিএনপি ও জোটের কোনো প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না। এদিকে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন একটা উৎসাহ নেই। নেই কোনো পক্ষপাতিত্ব, তবে এখন দেখার পালা কে হবেন নৌকার প্রার্থী।
জীবননগর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ অক্টোবর। আর ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।
কমেন্ট বক্স