অধিকার আদায়ে প্রয়োজনে রাজপথে আন্দোলন করতে হবে
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
চুয়াডাঙ্গায় বর্ণীল আয়োজনে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
জেলা যুব মহিলা লীগের সভাপতি হলেন আফরোজা পারভীন ও সম্পাদক গিনি ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
‘বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য পরিশ্রম করেছেন। সারা জীবন এ দেশের জনগণের কথা ভেবেছেন। অধিকার কেউ কখনো কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। বঙ্গবন্ধু সেটিই আমাদের শিখিয়েছেন। ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে যদি রাজপথে আন্দোলন করতে হয়, তাও আপনাদের করতে হবে। আমি বলব, আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন হিসেবে যুব মহিলা লীগ যথেষ্ট সুনামের সাথে তাদের দায়িত্বপালন করে। এ সম্মেলন সংগঠনকে আরও বেশি গতিশীল করবে।’ চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে (নবনির্মিত ভবন) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রসঙ্গ তুলে বলেন, ‘এই ভবনটি জমি কিনে করা হয়েছে। শহরের ওপরে জমি পাওয়া যায় না। আল্লাহর রহমতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গার কিছু মানুষের সহযোগিতায় আমরা এই ভবন করতে পেরেছি। পাঁচতলা ভবনের সব স্থানেই আমরা মাইক সেট করেছি। ভবনের সামনে বঙ্গবন্ধুর বড় একটি প্রতিকৃতিও আমরা করেছি। আমরা চাই, সব জেলাতেই আওয়ামী লীগের নিজস্ব ভবনে অফিস হবে। এই ভবনেও যুব মহিলা লীগের অফিস দেওয়া হয়েছে। আপনারা আসবেন, বসবেন। কার্যক্রম পরিচালনা করবেন। টেবিল চেয়ার, আলমারি সব কিছুই দেওয়া হয়েছে। মনে রাখবেন, সংগঠনকে গতিশীল করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
এর আগে যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীনের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নাজমা আক্তার। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শ্বেতকপোত অবমুক্ত করা হয়।
জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আসমান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলার রুকছানা ছন্দা ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
আলোচনা সভা শেষে আফরোজা পারভীনকে সভাপতি, কাজী মারজাহান মিতুকে সহসভাপতি এবং গিনি ইসলামকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নাজমা আক্তার। আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
কমেন্ট বক্স