নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে গতকাল ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শনিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, গতকাল ২৯ শাবান ১৪৩৮ হিজরি, ১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৬ মে ২০১৭ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এছাড়া গত বৃহস্পতিবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আজ শনিবার থেকে সৌদি আরবে রোজা পালন করছে সৌদি আরবের মুসলমানরা।
সমীকরণ প্রতিবেদন