মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধান বিচারপতির আদেশেই সুপ্রিমকোর্ট চত্বরের ভাস্কর্য অপসারণ : বিক্ষোভ মিছিলে পুলিশি অ্যাকশন : আটক ৪ : আজ আবার বিক্ষোভ ভাস্কর্য অপসারণ : ভাস্কর্যটি সুপ্রিমকোর্ট মিউজিয়ামের সামনে রাখা হতে পারে

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০১৭ ইং
প্রধান বিচারপতির আদেশেই সুপ্রিমকোর্ট চত্বরের ভাস্কর্য অপসারণ : বিক্ষোভ মিছিলে পুলিশি অ্যাকশন : আটক ৪ : আজ আবার বিক্ষোভ ভাস্কর্য অপসারণ : ভাস্কর্যটি সুপ্রিমকোর্ট মিউজিয়ামের সামনে রাখা হতে পারে
`1_127761` সমীকরণ ডেস্ক: সুপ্রিমকোর্ট চত্বরের ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার বের হওয়া বিক্ষোভ মিছিলের ওপর কাঁদানে গ্যাসের শেল ও জলকামান থেকে রঙিন পানি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি বের হয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে মৃদু সংঘর্ষও হয়। এটি শিশু একাডেমি ও টিএসসি এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আটক করা হয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের অ্যাকশনে তাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশেই ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে তিনি ভাস্কর্যটি অপসারণের আদেশ দেন। এরপর রাতের মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে ভাস্কর্যটি সরিয়ে সুপ্রিমকোর্টের পেছনে রাখা হয়। এই ভাস্কর্যটি সুপ্রিমকোর্ট মিউজিয়ামের সামনে রাখা হতে পারে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘মৌলবাদের সঙ্গে সরকারের আপস রুখে দাঁড়াও’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে ‘ছাত্র-জনতার প্রতিবাদ’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী সংগঠনের মধ্যে ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, উদীচী, অনলাইন অ্যাকটিভিস্ট এবং ছাত্রঐক্য ফোরামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন। রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিমকোর্টের দিকে যাওয়ার পথে সুপ্রিমকোর্ট মাজারসংলগ্ন শিশু একাডেমির সামনে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে শিশু একাডেমি পার হওয়ার পরপরই পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করতে চাইলে পুলিশ তাদের লক্ষ্য করে রঙিন গরম পানি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে দফায় দফায় মিছিল করেন। এ সময় তারা সরকারের ‘মৌলবাদ তোষণনীতি’র বিরুদ্ধে স্লোগান দেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। আটকদের মুক্তির দাবিতে দুপুরের পর শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে আটকদের ছেড়ে দেয়ার আশ্বাস দেয়া হলে দেড় ঘণ্টা অবস্থানের পর থানার সামনে থেকে চলে যান আন্দোলনকারীরা। ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস সাংবাদিকদের জানান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী ছাড়া আটক অন্য তিনজন হলেন ছাত্র ইউনিয়ন লালবাগ থানা শাখার নেতা জয়, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, উদীচী শিল্পীগোষ্ঠীর সম্পাদকম-লীর সদস্য আরিফ নূর। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। ভাস্কর্য সরানোর প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই তাৎক্ষণিকভাবে আন্দোলনে নেমেছিলেন বিভিন্ন গ্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা। ভাস্কর্য অপসারণের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত ২টার দিকে সুপ্রিমকোর্টের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন গণজাগরণ মঞ্চের একদল কর্মী। পরে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। তারা ভাস্কর্যটিকে ন্যায়বিচারের প্রতীক উল্লেখ করে তা আদালত প্রাঙ্গণ থেকে অপসারণের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা সুপ্রিমকোর্টের ফটকে ধাক্কাধাক্কি শুরু করলে রাত ৩টার দিকে ভাস্কর্য সরানোর কাজ কিছুক্ষণ বন্ধ রেখে আশপাশের বাতিগুলো নিভিয়ে দেয়া হয়। এরপর রাত ৪টার দিকে ভাস্কর্যটি অপসারণ করা হয়। ভাস্কর্য অপসারণের কাজ শেষ হওয়ার পরও ঘণ্টাখানেক অবস্থান করে বিক্ষোভকারীরা সুপ্রিমকোর্টের সামনে থেকে চলে যান। এর আগে শুক্রবারের কর্মসূচি ঘোষণা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন বলেন, হাইকোর্টের সামনে কেউ বিক্ষোভ করতে পারেন না। আন্দোলনকারীদের বলেছি, যা করার দূর থেকে করুন। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। তাই নিরাপত্তার স্বার্থে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করার কথা স্বীকার করেন তিনি। শনিবার সন্ধায় তিনি যুগান্তরকে জানান, জিজ্ঞাসাবাদের জন্যে চারজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজ বিক্ষোভ : আন্দোলনকারীদের ওপর হামলা ও ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে আজ শনিবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ছাত্র-জনতার প্রতিবাদ’। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, শনিবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সফল করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী