মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তালেবান সরকার গঠন পেছাল এক সপ্তাহ

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২১ ইং
তালেবান সরকার গঠন পেছাল এক সপ্তাহ
সীমিত সম্পর্ক বজায় রাখবে ভারত; নারী অধিকার নিয়ে নাক না গলানোর আহ্বান সমীকরণ প্রতিবেদন: আবারো এক সপ্তাহের জন্য নতুন সরকার ঘোষণা স্থগিত করেছে তালেবানরা। তাদের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ গতকাল শনিবার বলেছেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আফগানিস্তানের সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক একটি সরকার গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে কারণে নতুন সরকার ঘোষণা করতে দেরি হচ্ছে। তালেবানরা গতকালই কাবুলে নতুন সরকার ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছিল। প্রথমে গত শুক্রবার নতুন সরকার ঘোষণার কথা বলা হয়েছিল। পরে তা একদিন পেছানো হয়। এবার তা এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হলো। খবর রয়টার্সের। এর আগে তালেবান সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারই নতুন সরকারের নেতৃত্ব দেবেন। তালেবানের দোহা রাজনৈতিক কার্যালয়ের প্রধান ছিলেন। বারাদারের সহায়তায় থাকবেন তালেবানের মরহুম সহপ্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে। মোল্লা ইয়াকুব বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে আছেন। অপর দিকে শের আব্বাস স্টানেকজাই কাতারের দোহায় থাকা তালেবানের রাজনৈতিক উপপ্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন। আর তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয়াদি এবং ইসলামী অনুশাসন নিশ্চিত করার বিষয়টি দেখভাল করবেন। তিনি সর্বোচ্চ ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রিসভার ৮০ ভাগ আসনেই তালেবান দোহা টিমের সদস্যরা থাকবেন বলেও জানা গেছে। হামিদ কারজাই কিংবা আব্দুল্লাহ আব্দুল্লাহ তালেবানের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না বলে জানা গেছে। তবে মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও তারা উপদেষ্টা হিসেবে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া মন্ত্রিসভায় হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা পদ পাবেন বলে জানা গেছে। আফগানিস্তানের আলোচিত নেতা হিজব-ই-ইসলামী দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার মন্ত্রিসভায় পদ না পেলেও পরিচালনা পর্ষদে থাকবেন বলে জানা গেছে। সরকার গঠনের আগেই চার মন্ত্রীর নাম ঘোষণা করেছিল তালেবান। তারা হলেন, অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। তবে যাদের নিয়েই সরকার গঠন হোক না কেন আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার হাতেই সর্বোচ্চ ক্ষমতা থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ১২ জন আলেমের একটি পরামর্শক কাউন্সিল বা শূরাসহ ২৫টি মন্ত্রণালয় নিয়ে গঠিত হবে এই সরকার। এ ছাড়াও ছয় থেকে আট মাসের মধ্যে একটি সংবিধান এবং ভবিষ্যৎ সরকারের কাঠামো নিয়ে আলোচনার জন্য আফগান সমাজের প্রাচীন ও গোত্রীয় প্রতিনিধিদের একত্র করার উদ্দেশ্যে একটি লয়া জিরগা বা বিশাল সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে। তালেবানের সাথে পাকিস্তানের দ্বিপক্ষীয় বৈঠক কাতারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছে তালেবানের একটি প্রতিনিধিদল। ডন পত্রিকা জানায়, শুক্রবার দোহায় পাকিস্তানি দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে তালেবান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক কার্যালয়ের বর্তমান প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। তারা পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহের সাথে বৈঠক করেন। তালেবান মুখপাত্র সুহাইল শাহীন টুইটারে বলেছেন, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ ও সীমান্তের গতিপথ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তে মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে। কাবুলে বিজয়োল্লাসে ছোড়া গুলিতে নিহত ১৭ আফগানিস্তানের কাবুলে শুক্রবার রাত ৯টার দিকে আকাশ প্রকম্পিত হয়ে উঠেছিল গুলির শব্দে। এ ফাঁকা গুলিবর্ষণের সঠিক কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে বিজয়োল্লাস করতে গিয়ে তা করা হয়েছে। আর এ গুলিতে মারা গেছেন ১৭ জন। আহত হয়েছেন আরো ৪১ জন। আলজাজিরার খবরে বলা হয়, কোনো উদযাপনে গুলিবর্ষণ আফগানিস্তানে একটি সাধারণ ঐতিহ্য। গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে তাদের অভিযানের সমাপ্তি টানে তখনো তালেবান বন্দুকের একটি মহড়া করেছিল। তবে দ্রুতই তার ইতি টানা হয়। এ দিকে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ ধরনের গুলি উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছেন। টুইট বার্তায় তিনি বলেছেন, আকাশে গুলি ছোড়ার চেয়ে জনগণের উচিত আল্লাহর শোকরিয়া আদায় করা। অপর দিকে আফগান গণমাধ্যম তোলো নিউজে জানিয়েছে, তালেবানবিরোধীদের শেষ ঘাঁটি পাঞ্জশির প্রদেশও নিয়ন্ত্রণে নেয়ার খবরে শুক্রবার রাতে কাবুলের বিভিন্ন স্থানে আকাশের দিকে গুলি ছুড়ে বিজয়োল্লাস করে সশস্ত্র গোষ্ঠীটি। এর পরপরই শহরের ইমারজেন্সি হাসপাতালগুলোতে দলে দলে গুলিবিদ্ধ মানুষ আসতে শুরু করে। হাসপাতালগুলো জানিয়েছে, তাদের কাছে এ পর্যন্ত আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া লাশ এসেছে ১৭টি। কাবুলে পাকিস্তানের গোয়েন্দা প্রধান এ দিকে কাবুলে গেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর প্রধান ফয়েজ হামিদ। তার সাথে পাকিস্তানের সিনিয়র কর্মকর্তারাও আছেন। আলজাজিরা গতকাল এ সংবাদ প্রকাশ করে। তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তিনিই প্রথম কোনো বিদেশী শীর্ষ কর্মকর্তা, যিনি আফগানিস্তান সফরে গেলেন। সীমিত সম্পর্ক বজায় রাখবে ভারত আলোচনার দরজা খুললেও তালেবানের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নেবে নয়াদিল্লি। গতকাল এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেই সাথে তিনি বলেন, ‘কাতারের রাজধানী দোহায় তালেবানের সাথে ভারতের কোনো সুদৃঢ় আলোচনা হয়নি।’ আনন্দবাজার পত্রিকা জানিয়েছে ভবিষ্যতে আফগানিস্তানের নতুন শাসকদের সাথে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। সরকারি অ্যাকাউন্ট বন্ধ করল গুগল আফগানিস্তান সরকারের বেশ কয়েকটি ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল। এ বিষয়ে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, পুরনো সরকারি কর্মকর্তা এবং তাদের আন্তর্জাতিক সহযোগীদের ছেড়ে যাওয়া ডিজিটাল কাগজপত্রের অবশেষ চুরি হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে এসব ই-মেইল অ্যাকাউন্টস বন্ধ করে দেয়া হয়েছে তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পরের কয়েক সপ্তাহ ধরে বায়োমেট্রিক ও আফগান পেরোল ডাটাবেজ নিয়ে আশঙ্কা তৈরি হয়। অনেকেই মনে করেন এসব তথ্য শত্রুদের খুঁজে বের করতে ব্যবহার করতে পারে তালেবান। নারী অধিকার নিয়ে নাক না গলানোর আহ্বান আফগান নারীদের অধিকার নিয়ে নাক না গলানোর জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। শুক্রবার ৩ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান, তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন। আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর দেশটির নারীদের প্রতি তালেবানের আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছে। পশ্চিমাদের এ উদ্বেগের জবাব দেন সুহাইল। সাক্ষাৎকারে সুহাইল বলেন, আফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে তাদের কোনো সমস্যা নেই। নারীদের শিক্ষা বা তাদের কাজ করার অধিকার নিয়েও কোনো সমস্যা নেই। পশ্চিমাদের উদ্দেশে তালেবান মুখপাত্র বলেন, ‘একে অন্যের সংস্কৃতি পরিবর্তন করার চেষ্টা না করলেই হলো। আমরা যেমন আপনাদের সংস্কৃতি পরিবর্তন করার কথা বলছি না, তেমনি আপনারাও আমাদের সংস্কৃতি পরিবর্তন করার চেষ্টা করবেন না।’ রিজার্ভ অর্থ ছাড়ের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংকে আফগানিস্তানের যে অর্থ সংরক্ষিত আছে, তা ছাড়ার কোনো পরিকল্পনা নেই দেশটির। গতকাল এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ১ হাজার কোটি ডলারের বেশির ভাগই রয়েছে ফেডারেল রিজার্ভসহ একাধিক বিদেশী ব্যাংকে। তা ছাড়া বেশ ভালো পরিমাণ স্বর্ণও মজুদ আছে ফেডারেল রিজার্ভে। তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর সেই অর্থ ফ্রিজ করে যুক্তরাষ্ট্র সরকার। প্রতিবেদনে আরো বলা হয়, তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা নজরদারিতে রেখেছে মার্কিন বিভিন্ন দফতর ও বিদেশী সংস্থা। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের এক মুখপাত্র এ সম্পর্কে বলেছেন, আফগানিস্তানে মানবিক সহায়তা চালিয়ে যেতে মার্কিন সরকার মিত্রদেশগুলোকে অনুমোদন দিয়েছে। তবে তালেবান বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না বলে রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অর্থ বিভাগের ওই মুখপাত্র। কাশ্মিরসহ বিশ্বের সব মুসলমানের অধিকার নিয়ে কথা বলবে তালেবান তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের ভূখণ্ড ভারতবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার হতে পারে ভারতের এমন উদ্বেগের মধ্যেই তালেবানরা বলেছে, কাশ্মিরসহ বিশ্বের যেকোনো স্থানের মুসলমানদের অধিকার আদায়ে তাদের কথা বলার অধিকার রয়েছে। তবে কোনো দেশের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে না। বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, ‘মুসলমান হিসেবে কাশ্মির, ভারত এবং অন্য যেকোনো দেশের মুসলমানদের জন্য আমাদের কথা বলার অধিকার রয়েছে। আমরা আমাদের আওয়াজ তুলব এবং বলব, মুসলমানরা আপনাদের নিজের মানুষ, আপনাদের নিজের নাগরিক। তারা আপনার দেশের আইনের সমান অধিকার রাখে। যোগাযোগের পথ খোলা আছে : যুক্তরাষ্ট্র তালেবানদের সাথে যোগাযোগের পথ খোলা আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন, শুধু গুরুত্বপূর্ণ ইস্যুর ক্ষেত্রেই চলবে এই যোগাযোগ। আলজাজিরার বরাতে জানা যায়, ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, আজ রোববার এক বিশেষ বৈঠকে যোগ দিতে কাতার যাবেন তিনি এবং জার্মানি যাওয়ার আগে ২০টিরও বেশি দেশের মন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করবেন। এ দিকে আফগানিস্তানে ত্রাণ পৌঁছে দিতে মানবিক ও খণ্ডকালীন সুযোগের আশা করছে কাতার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাবুল এবং অন্যান্য বিমানবন্দর ব্যবহার করে তারা এই সাহায্য পৌঁছে দিতে চায়। কাবুল বিমানবন্দর চালু, যাত্রী ফ্লাইট শিগগিরই ত্রাণসামগ্রী গ্রহণের জন্য একটি কারিগরি দল আফগানিস্তানের কাবুল বিমানবন্দর চালু করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত। সাঈদ বিন মুবারাক আল খায়ারিন আল হাজার। তিনি বলেন, এরই মধ্যে কাবুল বিমানবন্দর কার্গো ফ্লাইট চালুর অবস্থায় এসেছে, শিগগিরই যাত্রী পরিবহনকারী বেসামরিক ফ্লাইট চালুর জন্য প্রস্তুত হবে। আফগান কর্তৃপক্ষের সহায়তায় কাবুল বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে। এরই মধ্যে আফগানিস্তানের মাজার-ই-শরিফ এবং কান্দাহারের উদ্দেশে দু’টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে বলেও জানায় আলজাজিরা। সাঁজোয়া যান ফিরিয়ে দিলো ইরান আলজাজিরা জানায়, তালেবান কাবুল দখলের জেরে আফগানিস্তান ছেড়ে ইরানে পালিয়ে গেছেন বহু আফগান সেনা। যাওয়ার সময় তারা আফগান বাহিনীকে দেয়া যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু সাঁজোয়া যানও সাথে নেন। তবে সেগুলোর বেশির ভাই আফগানিস্তানকে ফিরিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ মার্কিন-নির্মিত সচল সাঁজোয়া যানগুলো তালেবানের হাতে তুলে দিয়েছে ইরান সরকার। গত শুক্রবার এক বিশেষ প্রতিবেদনে আমওয়াজ মিডিয়া জানিয়েছে, সাবেক আফগান সেনাদের চালানো সাঁজোয়া যানগুলোর ‘প্রায় সবই’ আফগানিস্তানের নতুন শাসকদের হাতে তুলে দিয়েছে ইরান। গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে আফগানিস্তান থেকে সারিবদ্ধভাবে বহু সাঁজোয়া যান ইরানে ঢুকতে দেখা গেছে। গত ১ সেপ্টেম্বর ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তেহরানসহ ইরানের বিভিন্ন অংশে আফগান সামরিক বাহিনীর সাঁজোয়া যান ও ট্যাংক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বেশ কিছু সাঁজোয়া হামভি গাড়ি ইরানের পূর্বাঞ্চল থেকে তেহরান নিয়ে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী