মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদের পর শহরগুলো আবারও জনশূন্য

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২১ ইং
ঈদের পর শহরগুলো আবারও জনশূন্য
মোবাইল কোর্টে ৮৪ জনকে জরিমানা : গ্রামে গ্রামে মানুষের ভিড় নিজস্ব প্রতিবেদক: ঈদের পর আবারও জনশূন্য হয়েছে চুয়াডাঙ্গাসহ এ জেলার প্রায় সব শহর। প্রথম দিন শুক্রবারের লকডাউনে মানুষের কমবেশি উপস্থিতি থাকলেও দ্বিতীয় দিন থেকেই শহর পুরো ফাঁকা। মানুষের উপস্থিতি নেই বললেই চলে। বন্ধ আছে শপিংমল, দোকানপাট, বাজার-ঘাট। তবে, ঈদ আনন্দে ঘুরে বেড়ানো বন্ধ হয়নি। শহরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত এবং কঠোর টহল থাকায় মানুষ গ্রামের দিকে, খোলা মনোরম পরিবেশ কিংবা নদীর ধারে ভিড় করছেন। স্থানীয় প্রশাসন থেকে বলা হচ্ছে কঠোর অবস্থানে থেকে বাস্তবায়ন করা হবে লকডাউন। ঈদের পর গত শুক্রবার থেকে আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। লকডাউনের ফলে চুয়াডাঙ্গার সব বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু করোনাভীতি ভুলে শিশু-কিশোর-তরুণ ও বিভিন্ন শ্রেণির মানুষ ভিড় করছে গ্রাম অঞ্চলের মাঠ, খোলা জায়গা, পুকুর পাড়, বিলের ধার ও নদীর তীরে। একঘেয়ে অবস্থা থেকে একটু মুক্তি পেতে তারা দলে দলে ছুটছেন মুক্ত পরিবেশে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১ জুলাই সাত দিনের লকডাউন ঘোষণা করে সরকার। পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই ভোর থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এদিকে, চুয়াডাঙ্গার রাস্তাগুলো সকাল থেকে অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা দেখা গেছে। শহরের বড় বাজার চৌরাস্তার মোড়, কোর্ট মোড়, রেলবাজারসহ বিভিন্ন সড়কে কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। রাস্তায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি এবং রোগীবাহী ব্যাট্যারিচালিত ইজিবাইক চলতে দেখা গেছে। পুলিশের ব্যাপক টহল দেখা গেছে। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে তাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। চুয়াডাঙ্গায় গতকাল শনিবার লকডাউনের প্রথম দিনে বিধি-নিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় জেলায় ১৫টি মোবাইল কোর্টে ৭৯টি মামলায় ৮৪ জনকে ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে, করোনার ভয়াবহ সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। কঠোর অবস্থানে আছে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। করোনার প্রকোপ কমাতে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যথারীতি শনিবারও এ অভিযান অব্যহত আছে এবং লকডাউন বাস্তবায়নে শেষ অব্দি অভিযান পরিচালিত হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী