করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে
- আপলোড তারিখঃ
০৪-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া চুয়াডাঙ্গা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের শহিদ হাসান চত্বর, চুয়াডাঙ্গা পৌর কলেজ ও রাহেলা খাতুন গার্লস স্কুল চত্বরে এ সহায়তা-সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মানবিক সহায়তা তুলে দেন। এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও মাস্ক মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মানবিক সহায়তা-সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জাকির হোসেন, সবুজ কুমার বসাক, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খন্দকার ফকরুল আলম খান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সির মাফিজুর রহমান মাফি, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, নাজির সোবহান আলী প্রমুখ।
বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন। আপনাদের মাঝে সেগুলো বিতরণ করা হলো। আমাদের করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। কোভিডে আক্রান্ত এবং মত্যুর সংখ্যা এখন মোটেও কম নয়। এটা দেখে হলেও আমাদের সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে, করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সবথেকে আগে সচেতন হওয়া প্রয়োজন। যাঁরা স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ৫ নম্বর ওয়ার্ডে চায়ের দোকানদার ৬০ জন, ভ্রাম্যমাণ ভাজা বিক্রেতা ৩০ জন, নাপিত ৬৫ জন, মুচি ২৫জনসহ সর্বমোট ১৮০ জনকে এবং ৪ নম্বর ওয়ার্ডে চায়ের দোকানদার ২৩৪ জন, ভ্রাম্যমাণ ভাজা বিক্রেতা ১৭৮ জন, নাপিত ৮ জনসহ সর্বমোট ৪২০ জন এবং ৪০ জন রিকশাচালককে মানবিক সহায়তা দেয়া হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র চুয়াডাঙ্গা পৌরসভায় ৯টি ওয়ার্ডে চায়ের দোকানদার ৯৮৬ জন, ভ্রাম্যমাণ ভাজা বিক্রেতা ৩৫৭ জন, নাপিত ১৬০ জন, মুচি ৪৭ জন, দোকান কর্মচারী ৫ জন, রিকশাচালক ৪০ জন এবং অটোচালক ৪৫৫ জনসহ সর্বমোট ২ হাজার ৫০ জনকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স