ফার্মেসি মালিক রতনকে ১৮ মাসের জেল-জরিমানা
- আপলোড তারিখঃ
৩০-০৬-২০২১
ইং
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ট্যাবলেট বিক্রির অপরাধে মুক্তি ঔষধ ঘরে অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসি মালিক তানজিল আহম্মেদ রতনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের মুক্তি ঔষধ ঘর নামক ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪৪৩ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়। আটককৃত তানজিল আহম্মেদ রতন (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের আলী আহম্মেদ সণ্টুর ছেলে। আটককৃত তানজিল আহম্মেদ রতনেকে ভ্রাম্যমাণ আদালতে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ জেল-হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের মুক্তি ঔষধ ঘরে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এসময় মুক্তি ঔষধ ঘর থেকে উদ্ধার করা হয় ৪৪৩ পিচ টাপেন্টাডল ট্যাবলেট।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত তানজিল আহম্মেদকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স