মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এক সপ্তাহে করোনা ও উপসর্গে ৩৪ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় এক সপ্তাহে করোনা ও উপসর্গে ৩৪ জনের মৃত্যু
কমছে না সংক্রমণ, সারা দেশে আরও ১০৮ জনের প্রাণহানি, শনাক্ত ৫৮৬৯ ২৪ ঘণ্টায় নতুন আরও ২৪ জন আক্রান্ত, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু সমীকরণ প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৯৭৬ জনে। এর আগে গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল এবং ১৯ এপ্রিল দেশে এক দিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬০ শতাংশ। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ। মৃত ১০৮ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ৭ জন, চল্লিশোর্ধ্ব ১৫ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন এবং ষাটোর্ধ্ব ৫৮ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম ২৩, রাজশাহীতে ১৬, খুলনায় ২৭, সিলেটে ৩, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মহামারি করোনাভাইরাসের প্রকোপ থামার কোনো লক্ষণ নেই। জেলায় প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রাণঘাতী এই ভাইরাসে গত এক সপ্তাহে জেলায় ৭৪৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছে ৪৫৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬৫.১৪ শতাংশ। এই সময়ের মধ্যে ১১৩ জন সেরে উঠলেও প্রাণ গেছে ১৫ জনের। এক সপ্তাহে জেলায় করোনা শনাক্তের তুলনায় মৃত্যুহার ৩.৩০ শতাংশ। এছাড়াও গত এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৯ তারিখে ২ জন, ২০ তারিখ ৩ জন, ২১ তারিখ ৩ জন, ২৩ তারিখ ৪ জন ২৪ তারিখ ৬ জন ও গতকাল ২৫ তারিখ একজনের মৃত্যু হয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বাবলু মিয়া (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত বাবলু মিয়া সদর উপজেলার রায়পুকুর গ্রামের রাহাতুল্লাহর ছেলে। গতকাল জেলায় নতুন করে আরও ২৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৭ জন। গতকাল জেলায় নতুন দুজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২ হাজার ৫১ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয় বাবলু মিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা প্রটোকলে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ নিহতের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। এছাড়া গতকাল পিসিআর ল্যাবে পরীক্ষিত চুয়াডাঙ্গার ৬১টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ২৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৩৭টি নমুনার ফলাফল পজেটিভ এসেছে। জেলায় নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে দর্শনার ২২ জন ও জীবননগর উপজেলার ২ জন রয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের ৩৯.৩৫ শতাংশ। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৭৭ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৩৭৭ জন, আলমডাঙ্গার ৪৭৭ জন, দামুড়হুদায় ৭২০ জন ও জীবননগরে ৪০২ জন। গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য ২২৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং নমুনাসহ মোট ৬১টি নমুনার ফলাফল প্রকাশ করে জেলা স্বাস্থ্যবিভাগ। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ আরও ১৭টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১২ হাজার ৭৬২টি, প্রাপ্ত ফলাফল ১১ হাজার ৯৬১টি, পজিটিভ ২ হাজার ৯৭৭ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ৮০১ জন হোম ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৫৫৪ জন ও হাসপাতাল আইসোলেশনে ২৪৭ জন। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে নতুন একজনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৯২ জনের। এরমধ্যে সদর উপজেলার ৩০ জন, আলমডাঙ্গায় ১৮ জন, দামুড়হুদায় ২৫ জন ও জীবননগরে ৯ জনসহ ৮২ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী