ফুটবলের সোনালী অতীতের সাক্ষী এই মাঠ
- আপলোড তারিখঃ
২০-০৬-২০২১
ইং
চুয়াডাঙ্গার টাউন মাঠের সংস্কার কাজ উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সংস্কার ও প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নকাজের উদ্কোধন করেন। গতকাল শনিবার বেলা ১১টায় তিনি এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, এই টাউন ক্লাব ফুটবল মাঠ চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের ফুটবলের সোনালী অতীতের সাক্ষী। অনেক নামি-দামি খেলোয়াড়ের জন্ম এ মাঠ থেকে। এ মাটির সবুজ ঘাসে অনুশীলন করে তারা চুয়াডাঙ্গা তথা দেশের গন্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চুয়াডাঙ্গা ফুটবলের জ্যোতি ছড়িয়েছেন। এ মাঠে ভারতের বিভিন্ন প্রদেশের নামি খেলোয়াড়ের পাশাপাশি ঢাকা, খুলনা, পাবনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলেছেন। কিন্তু সংস্কারের অভাবে মাঠটি আজ অবহেলিত। পরিণত হয়েছে গো-চারণভূমিতে। মাঠের চারপাশ আস্তে আস্তে হয়ে যাচ্ছে দখল। তাই মাঠটি বাঁচাতে সকলের এগিয়ে আসতে হবে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে মাঠে বালি ভরাট শুরু করেছি। আজ জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসেছেন মাফ-জোক করার জন্য। জেলা পরিষদের অর্থায়নে (১০ লাখ টাকা ব্যয়ে) বাউন্ডারি ওয়াল নির্মিত হবে। এরপর চুয়াডাঙ্গা পৌরসভা কর্তৃক ড্রেন মেরামত ও সংস্কার করা হলে মাঠের নিরাপত্তা, রক্ষনাবেক্ষণ এবং খেলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, সাবেক ক্রিকেটার ইমরান হুসাইন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আনিসা খানম, উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান প্রমুখ।
কমেন্ট বক্স