নতুন করারোপ ছাড়াই মেয়র খোকনের প্রথম বাজেট
- আপলোড তারিখঃ
১৭-০৬-২০২১
ইং
চুয়াডাঙ্গা পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
নতুন করারোপ ছাড়াই সাড়ে ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। গতকাল বুধবার দুপুরে পৌরসভার সম্মেলনকক্ষে ২০২১-২২ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় মোট ৭১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর সচিব কাজী শরিফুল ইসলাম। এ অর্থ বছরের বাজেটে সব থেকে বেশি ব্যয় ধরা হয়েছে রাস্তা উন্নয়ন প্রকল্পে।
প্রথম শ্রেণির এ পৌরসভায় ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ১৪ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা ও উন্নয়ন আয় ৫৭ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা ধরা হয়েছে। এই খাতের মোট হিসেবে ৭১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার টাকা সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে। এ বাজেটে সব থেকে বেশি ব্যয় ধরা হয়েছে রাস্তা উন্নয়ন কার্যক্রমে। সেখানে ২৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়। এছাড়া ড্রেন উন্নয়ন ব্যয় ৭ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা, জলবায়ু প্রকল্পের আওতায় সোলার বাতির ব্যয় ৫ কোটি টাকা, পানি সরবরাহয় ব্যবস্থা উন্নয়নে ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া বাজেটে হাট বাজার উন্নয়নে ৩০ লাখ, সড়ক বাতি উন্নয়নে ৪ লাখ ৩০ হাজার, টাউন হল মার্কেট নির্মাণ ব্যয় ৯ কোটি ৯০ লাখ, বস্তি উন্নয়নে ৮০ লাখ ও স্যানিটারি ল্যান্ড ফিল্ড উন্নয়নে ৬ কোটি ২০ লাখ টাকার ব্যয় দেখানো হয়েছে। একইসাথে বাজেটে রাজস্ব খাত ও পানি সরবরাহ শাখা থেকে ১৪ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা, সেখানে ব্যয় করা হবে ১৩ কোটি ৮১ লাখ ১৩ হাজার টাকা। এ দুটি শাখায় রাজস্ব উদ্বৃত্ত ৫৩ লাখ ৬২ হাজার টাকা।
বাজেট সভায় আরও বক্তব্য দেন প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্না, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকছানা ছন্দা, সাংবাদিক শাহ আলম সনি, রফিকুল ইসলাম, বিপুল আশরাফ, টিএলসিসি সদস্য নুঝাত পারভীন, রেবেকা সুলতানা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শাহিনা আক্তার, শেফালি খাতুন, মুনসুর আলী, আব্দুল আজিজ, মহলদার ইমরান, মাফিজুর রহমান, আলাউদ্দিন আহম্মেদ, ফরজ আলী, উজ্জল হোসেন, কামরুজ্জমান চাঁদ, সাইফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার প্রমুখ।
কমেন্ট বক্স