মহেশপুর হতে পারে ডেল্টা ভ্যারিয়েন্টের হটস্পট!
- আপলোড তারিখঃ
১৪-০৬-২০২১
ইং
ভারত থেকে অবৈধ পথে দলে দলে বাংলাদেশে প্রবেশ : বাড়ছে শঙ্কা-উদ্বেগ!
ঝিনাইদহ অফিস:
করোনার ভয়াবহ বিস্তারের মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে ভারত থেকে আসা মানুষ। মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। কোনোমতেই ভারত থেকে আসা মানুষের জনস্রোত থামানো যাচ্ছে না। এখনই অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ আটকানো না গেলে মহেশপুর সীমান্তসহ আশপাশ এলাকাগুলো হতে পারে ডেল্টা ভ্যারিয়েন্টের (ভারতীয় ধরণ) হটস্পট। গতকাল রোববার মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা সীমান্তের একাশিপাড়া ও তেঁতুলিয়া গ্রাম থেকে দালালসহ আটক করেছেন ১০ জনকে। এরা সবাই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছিল। এ তথ্য নিশ্চিত করেন অধিনায়কের পক্ষে বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান।
গতকাল রোববার বিকেলে পাঠানো এক ই-মেইল বার্তায় তিনি উল্লেখ করেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তেঁতুলিয়া বটতলা মোড় থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- বাগেরহাট জেলার রাজাপুর গ্রামের কাজী মজিবারের ছেলে তুহিন কাজী, ঝালকাঠি জেলার মহেশকান্দি গ্রামের সামেদ হালদারের ছেলে বাবুল হালদার, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল মান্নান ও খুলনার রূপসা উপজেলার গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী।
অপর এক ই-মেইল বার্তায় বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মহেশপুর সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নড়াইল জেলার পেডরুলী গ্রামের হারান মল্লিকের ছেলে কালাম মল্লিক, তাঁর স্ত্রী নাদিয়া খাতুন, একই গ্রামের জিকরাইলের স্ত্রী জোবায়দা খাতুন, নাজমুল মোল্লার স্ত্রী মরিয়ম, আকদিয়ারচর গ্রামের বাসুদেব গোলদারের স্ত্রী শ্রীমতি অমৃতা, তাঁর মেয়ে সুমিত এবং অবৈধ পারাপারের সাথে নিয়োজিত দালাল মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মনিরুল ডাক্তারের ছেলে সালাউদ্দিনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
এদিকে, দলে দলে মানুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। আর এতেই শঙ্কা-উদ্বেগ। সচেতনমহলসহ উর্ধতনরা বলছেন এখনই অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ আটকানো না গেলে মহেরপুর সীমান্ত হতে পারে ডেল্টা ভ্যারিয়েন্টের (ভারতীয় ধরণ) হটস্পট।
কমেন্ট বক্স