ভ্যারিয়েন্ট নিশ্চিতে ফলাফলের অপেক্ষা
- আপলোড তারিখঃ
৩০-০৫-২০২১
ইং
আরও ১৯ জনের দেশে প্রবেশ : ভারতফেরত আক্রান্তদের নমুনা ঢাকায় প্রেরণ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করা ৭২৫ জনের মধ্যে ১১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য করোনা আক্রান্তদের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রেরণ করা হয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত আইইডিসিআর থেকে জেলা স্বাস্থ্যবিভাগ কোনো ফলাফল পাইনি। এদিকে গতকাল চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া আরও ১৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। ভারত ফেরত এই ১৯ জনকে কোয়ারেন্টাইনের জন্য বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসযোগে মেহেরপুরে নেওয়া হয়েছে।
জানা যায়, সম্প্রতি বাংলাদেশ সরকার লকডাউনে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করে। এরপর ১৬ মে খুলে দেওয়া হয় দর্শনা চেকপোস্ট। ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ওইদিন থেকে দেশে ফেরার কথা থাকলেও কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত জটিলতায় সেদিন কেউ দেশে ফিরতে পারেননি। তবে পরদিন ১৭ মে ১১ জন দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। ১৮ মে দেশে প্রবেশ করেন একজন করোনা পজিটিভসহ ৭২ জন দেশে প্রবেশ করেন, ১৯ মে দুজন পজিটিভসহ ১৩৩ জন, ২০ মে চারজন পজিটিভসহ ১১৮ জন, ২২ মে একজন পজিটিভসহ ৪৪ জন, ২৩ মে একজন পজিটিভসহ ৮৮ জন, ২৪ মে একজন পজিটিভসহ ৬৫ জন ও সর্বশেষ ২৫ মে একজন পজিটিভসহ ৩৬ জন দেশে প্রবেশ করেন। ১৭ মে থেকে গতকাল পর্যন্ত মোট ৭২৫ জন দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন এর মধ্যে মোট ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, শনিবার ১৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। এ পর্যন্ত ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা ৭২৫ জনের মধ্যে ১১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যেহেতু ভারতে অবস্থানকালে তারা করোনা আক্রান্ত হয়েছে, তাই তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট থাকতেও পারে। ভারত ফেরত আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ভারতীয় ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি। ফলাফল পেলে কারও শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানা যাবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ আকরাম বলেন, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতফেরত করোনা শনাক্ত ১১ জন সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তারা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট তা এখন পর্যন্ত জানা যায়নি। তাদের শরীর থেকে সংগৃহীত নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট পরীক্ষার ফলাফল পেলে এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কমেন্ট বক্স