নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের বিভিন্নস্থানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি ও সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িসহ দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে শিলাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যপী অনুষ্ঠান।
আমাদের শহর প্রতিনিধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় শ্রীমন্ত টাউন হলে জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সহিত শব্দ থেকে যেমন সাহিত্য শব্দের উৎপত্তি তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর যেন তার একক প্রতিচ্ছবি। সাহিত্যের সকল শাখায় তিনি আপন কর্মে উদ্ভাসিত। রবীন্দ্রনাথ সব্যসাচী সাহিত্যিক ছিলেন। সাহিত্যের সকলস্তরেই তিনি ছিলেন অবিস্মরণীয়। জীবন ও জীবনমানের ক্ষেত্রেও তাঁর অবদান ছিল। পল্লী উন্নয়নের এবং বিজ্ঞান ক্ষেত্রেও রবীন্দ্রনাথের পদচারণা ছিল দৃষ্টান্তমূলক। চিন্তা চেতনায় রচনায় সবকিছুর ভেতরেই ছিলেন রবীন্দ্রনাথ। আলোচনাসভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুরে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে । গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্রে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধ্রণ সম্পাদক মফিজুর রহমান । আলোচনা সভা শেষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচলক খায়রুƒল হাসান, জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমূখ ।