মুজিবনগরে থাকছে চার স্তরের নিরাপত্তা বলয়-ডিআইজি
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০১৭
ইং
মুজিবনগর অফিস: ঐতিহাসিক মুজিবনগর দিবসে সকল আয়োজনে সকলের নিরাপত্তা নিশ্চিতে প্রেস ব্রিফিং করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। এসময় তিনি বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রোববার বিকেল থেকে গোটা কমপ্লেক্স এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে পুলিশ। প্রথমবারের মত জনসভাস্থল, সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে নাইট ভিশন সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথে, আর্চওয়ে গেটসহ বিশেষ তল্লাশি করে অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা থাকছে এবং অনুষ্ঠানে ব্যাগ, পোটলা, পানির বোতল নিয়ে কেউ প্রবেশ করতে পারবেনা। অনুষ্ঠানস্থলের পাশে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের টিম এবং র্যাবের বোম ডিসপোজাল টিম দ্বারা জনসভাস্থল, সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে সুইপিং করা হবে। এদিকে, ৫৭৮ জন পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে ৫৫ পুলিশ সদস্য। এছাড়াও থাকছে গোয়েন্দা নজরদারী। যানবহন চলাচলে থাকবে ৫৫ জন ট্রাফিক পুলিশ, গাড়ি পার্কিং এর জন্য থাকবে আলাদা আলাদা ব্যবস্থা। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই অনুষ্ঠান শেষ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ও মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীবৃন্দ।
কমেন্ট বক্স