বাস-ট্রাক-অটোরিকশাচালকদের বেপরোয়াভাবে গাড়ি চালনোই সড়ক-মহাসড়কে দূর্ঘটনায় :চুয়াডাঙ্গাসহ ১১ জেলায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২২ জনের
- আপলোড তারিখঃ
০৮-০৪-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: সড়ক-মহাসড়কে বাস-ট্রাক-অটোরিকশাচালকদের বেপরোয়াভাবে গাড়ি চালনা থামছেই না। অনাকাঙ্খিত দুর্ঘটনায় প্রাণহানিও চলছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১ জেলায় সড়কে প্রাণ গেছে বাবা-মেয়েসহ ২২ জনের। তাঁদের মধ্যে ময়মনসিংহে ছয়জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৫৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৫১৬ জন। অবশ্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ হাজার ৫৮৯ জন। জাতীয় ও আঞ্চলিক ১০টি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের খবর পর্যালোচনা করে তারা এই হিসাব তৈরি করেছে। জানতে চাইলে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চালককে লাইসেন্স ও যানবাহনের ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আইনের প্রয়োগ হয় না ঠিকভাবে। সড়কের কারিগরি সমস্যা আছে কি না, তা দেখার কেউ নেই। এমন অব্যবস্থাপনার মধ্যে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা দেখা ছাড়া আর কী করার আছে। হয় অব্যবস্থাপনা বন্ধ করতে হবে, নতুবা মৃত্যুর মিছিল মেনে নিতে হবে। এখন সবকিছুই আমাদের হাতে। গত ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় ২২ জনের মৃত্যুর জেলাগুলো হলো: ময়মনসিংহের ফুলপুর, ভালুকা ও নান্দাইল উপজেলায় ছয়জন নিহত ও অন্তত আরও ২০ জন পোশাকশ্রমিক আহত হন।গোপালগঞ্জের মুকসুদপুরে শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে ট্রাক উল্টে তিনজন নিহত ও ট্রাকটির আরও ছয় যাত্রী আহত হন। সিলেট নগরের শাহ পরান থানার নীপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে গতকাল বিকেলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুজনই অটোরিকশার যাত্রী। চট্টগ্রামের হাটহাজারীর নন্দিরহাট বাজারে গতকাল বিকেলে বালুবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত ও তিনজন আহত হন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বড় গাংনী ইউনিয়নের সোহাগ মোড়ে গতকাল সকালে ইটবাহী ভটভটির ধাক্কায় আবু সুফিয়ান (৬২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি খাদিমপুর ইউনিয়নের আলিয়াটনগর গ্রামে। পেশায় তিনি কৃষক। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী মোড়ে গতকাল সকালে ট্রাকের ধাক্কায় চাঁদ আলী (৬০) নামের এক সাইকেলচালক নিহত হয়েছেন। এর আগের দিন রাতে কালীগঞ্জের আড়িখোলা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রনি মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়। বরিশাল মহানগরের হাটখোলার কসাইখানা এলাকায় গতকাল দুপুরে অটোরিকশার চাপায় জুবায়ের হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে নছিমন উল্টে নিহত হয়েছেন চালক ইয়াসিন মিয়া (৩৫)। রংপুরের মিঠাপুকুরের বৈরিগঞ্জ সেতুর ওপর থেকে গতকাল সকালে মোটরসাইকেলসহ নদীতে পড়ে জুয়েল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হন।
কমেন্ট বক্স