চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিসভা:১লা বৈশাখে মহাসড়কে সঙ্গীসহ মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা:বর্ষবরণে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত থাকবে পুলিশ প্রশাসন
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আনজুমান আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পাল, এনএসআই’র উপ-পরিচালক আবু জাফর ইকবাল, জেল সুপার নজরুল ইসলাম, প্রফেসর এসএম ইস্রাফিল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন প্রমূখ। আয়োজিত প্রস্তুতি সভায় জাঁকজমকপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে বাংলা বর্ষবরণের ব্যাপারে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনা উপস্থাপনা করেন জেলা প্রশাসক। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্য ও সাংস্কৃতির মূলস্তম্ভ। হাজার বছর ধরে বাঙালী জাতি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে ধর্মবর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। তাই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাংলা বর্ষবরণে সকল প্রস্তুতি নেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে প্রশাসন। তবে পহেলা বৈশাখের দিন মহাসড়কে মোটরসাইকেলে সঙ্গীসহ দেখা গেলে ব্যবস্থা নেবে প্রশাসন। প্রয়োজনে জরিমানাসহ উভয় দ- হতে পারে। এদিকে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভা শেষে মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার চুয়াডাঙ্গাতেও যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস উদযাপন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
কমেন্ট বক্স