কাল প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে নয়াদিল্লিতে সাজ সাজ রব: হাসিনা-মোদির নৈশভোজে থাকছেন মমতা
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাল ভারত সফর উপলক্ষে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এখন চলছে সাজ সাজ রব। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রাস্তার দু’পাশ শোভা পাচ্ছে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকায়। একইভাবে দিল্লির রাজপথে শোভা পাচ্ছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত বিশালকায় সব ফেস্টুন, বিলবোর্ড, প্ল্যাকার্ড। প্রধানমন্ত্রীকে বরণ করতে এখন পুরোপুরি প্রস্তুত নয়াদিল্লি। প্রসঙ্গত ৪ দিনের এক সরকারি সফরে আগামী ৭ এপ্রিল শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। এই সফরে ভারতের সঙ্গে ৩৩টি সমঝোতা স্মারক সই হতে পারে। এদিকে সফরের দু’দিন আগেই গত ৫ এপ্রিল সকালে অগ্রবর্তী দলের অংশ হিসেবে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক নয়াদিল্লি পৌঁছেছেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি চলে যান বাংলাদেশ হাইকমিশনে। হাইকমিশনার ও কর্মকর্তারা তার সঙ্গে লাগাতার বৈঠক করেছেন। কর্মকর্তারা জানান, মোটামুটি সম্পন্ন হয়েছে সব আয়োজন। এবার শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষা। পক্ষান্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেওয়া রাষ্ট্রপতির নৈশভোজে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানের খবরে নয়াদিল্লির কূটনৈতিক পাড়া ও সংবাদমাধ্যমগুলোতে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। এদিকে, ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন হাসিনা। তিস্তা পানি চুক্তিসহ ভারত, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় সেই বৈঠকে উঠে আসবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। দুই দেশের প্রধানমন্ত্রীর সেই বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনার সম্মানে দেওয়া নৈশভোজে যোগ দিতে মমতাকে ফোন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির ফোনের পর নবান্নর একটি সূত্র জানিয়েছে, মমতা ৭ এপ্রিল রাতে দিল্লি গিয়ে ৮ তারিখ নৈশভোজে উপস্থিত থাকবেন। তবে রাষ্ট্রপতি ফোন করার পর নৈশভোজে যোগ না দেওয়াটা মমতার জন্য কঠিন হয়ে পড়বে বলেই তিনি নৈশভোজে অংশ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। নৈশভোজে শুধু মমতা নন আমন্ত্রণ জানানো হয়েছে আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদেরও।
কমেন্ট বক্স