নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের জয় কুমিল্লাবাসীকে উৎসর্গ করেছেন নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। এদিকে, পরাজিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ফলাফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন। এর আগে সকালে, বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার সকালে। রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কুকে মেয়র হিসেবে ঘোষণা দেন। আগেই বেসরকারি ফলাফল নিশ্চিত হওয়ায় কর্মী-সমর্থকরা ভিড় করেন নানুয়া দীঘিরপাড় এলাকায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়রের বাসভবনের সামনে। জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি, আঞ্জুম সুলতানা সীমাকে সঙ্গে নিয়ে কুমিল্লার উন্নয়নের কাজ করার কথা জানান তিনি। এদিকে, জনগণের রায় মেনে নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। সকালে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান। বৃহস্পতিবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ভোট ৫৭ হাজার ৮৬৩। অন্যদিকে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল। শুক্রবার সকালে কুমিল্লায় রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
সমীকরণ প্রতিবেদন