নিজস্ব প্রতিবেদক/হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কের নেহালপুর মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইজিবাইক চালক শহর আলীসহ আরো একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ থেকে হিজলগাড়ী অভিমুখে যাওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল হিজলগাড়ী বাজার থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই একটি ইজিবাইকে সরাসরি ধাক্কা মারে। এসময় ইজিবাইক চালক হিজলগাড়ী বাজার পাড়ার শহর আলী (৪০) ও মোটরসাইকেল আরোহী দর্শনা থানাপাড়ার ইয়াকুব মীকার ছেলে সাব্বির হোসেন মীকা (৩৮) ও দর্শনা কলেজপাড়ার আজগর কসাইয়ের ছেলে শহিদ (৩৫) রক্তাক্ত জখম হয়। এছাড়াও ইজিবাইকের যাত্রী চুয়াডাঙ্গা কুলচারার আজিজুল রহমানের স্ত্রী রোকেয়া বেগম (৭০), তার পুত্র রিপন হোসেন (৪০) ও রিপন হোসেনের কন্যা রিম্পা (৪) আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দূর্ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাব্বির হোসেন মীকা দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতি ও দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাব্বির হোসেন মীকা ও শহিদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। দূর্ঘটনার খবর পেয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ শফিকুল ইসলাম শফি ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত ইজিবাইক ও মোটরসাইকেলটি উদ্ধার করে ক্যাম্প নিয়ে আসেন।
সমীকরণ প্রতিবেদন