সমীকরণ ডেস্ক: রাজশাহী-খুলনা রুটে লাল-সবুজ কোচ নিয়ে নতুনরূপে আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস যাত্রা শুরু করল। ভারত থেকে আমদানি করা ১২টি নতুন বগি এতে সংযুক্ত করা হয়েছে। রোববার দুপুরে ট্রেনটির উদ্বোধন করা হয়। রাজশাহী-খুলনা রুটের আন্তঃনগর লাল-সবুজ রঙের কপোতাক্ষ এক্সপ্রেসটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার রেলওয়ের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন এ ট্রেনটির আসন সংখ্যা ৮৬৬টি। শনিবার ছাড়া সপ্তাহে ছয়দিন ট্রেনটি ভোর সাড়ে ৬টায় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে পৌছুবে বেলা ১২টা ২০ মিনিটে। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে ফের রাজশাহী ছেড়ে খুলনায় পৌছবে রাত ৮টায়। এরই মধ্যে বন্ধ হয়ে থাকা বেশ কিছু রেলস্টেশন চালু করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এ ছাড়ও পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ৬৫০টি লেভেলক্রসিং গেটের মান উন্নয়ন করা হবে। সেজন্য ১৮০০ গেট কিপার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
সমীকরণ প্রতিবেদন