নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশংশনীয় ভূমিকায় ভুয়া সাংবাদিক পরিচয়ে ধরা পড়লো এক ব্যাক্তি। মুখ ভরা দাঁড়ি, পরনে পাঞ্জামী, পকেটে কাগজ কলম, কথা বার্তায় একজন সিনিয়র সাংবাদিককেও হার মানাবে যা ভাব! তবে সে কোনো পত্রিকার সাংবাদিক নয়। সে সবুজপাড়ার মৃত হেকিম আব্দুর রউফ’র ছেলে আব্দুর রহিম (৩৫)। দৈনিক সময়ের সমীকরণ’র সাংবাদিক পরিচয় দেয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার তার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হবে বলে দৈনিক সময়ের সমীকরণ সূত্রে জানা গেছে। অপরদিকে, দীর্ঘদিন ধরে একই পত্রিকার সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাদাবী ও হুমকি প্রদানের অভিযোগ আসছে চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার শাকিলের বিরুদ্ধেও। নিজের মোটরসাইকেলে দৈনিক সময়ের সমীকরণ’র স্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়ায় সে। সম্প্রতি দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের হাতে আটক হয়ে সাংবাদিক পরিচয়ে ছাড়া পায় শাকিল। তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে সদর হাসপাতালে রক্তাত্ব জখম অবস্থায় এক আহত ব্যাক্তির কাছে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক পরিচয় দেয় সে। ওই ব্যাক্তির সংবাদ সংবাদটি ভালভাবে প্রকাশ করার জন্য তাদের কাছে টাকাও দাবি করে রহিম। এসময় হাসপাতাল চত্বরের একটি চায়ের দোকানে নিয়ে আহত ব্যাক্তির স্বজনের সাথে কথা বলে দেনদরবার শুরু করে। এসময় রহিমের কথাবার্তায় সন্দেহ হয় স্থানীয় কয়েকজনের। খবর দেয়া হয় দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ে। পরে সেখানে সময়ের সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক, জৈষ্ঠ প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক উপস্থিত হলে জানা যায় প্রকৃত পক্ষে সে কোনো পত্রিকার সাংবাদিকই নয়। পরে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনতার সহায়তায় সদর থানা পুলিশের এসআই ইবনে খালিদ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাংবাদিকের ভূয়া পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ, অর্থ বানিজ্য ও বিভিন্ন মহলে সুবিধা গ্রহণের কারণে আজ রহিমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে। একইসাথে চুয়াডাঙ্গা পলাশপাড়ার শাকিলের বিরুদ্ধেও একটি লিখিত অভিযোগ দায়ের করবে দৈনিক সময়ের সমীকরণ। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন জানান, পরিচয়পত্র ব্যতিত কেউ দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক পরিচয় দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরণের কোন ব্যাক্তি কারো কাছে গিয়ে পরিচয় দিলে, তাকে আটক করে অফিসে জানানোর জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।
সমীকরণ প্রতিবেদন