গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দীতে পিকনিকের গাড়ি বহরে ডাকাতির ঘটনায় এলাকার শীর্ষ ডাকাত সর্দারসহ ৪ জনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশের একটি টীম উপজেলার আকুবপুর ও মটমুড়া গ্রামে অভিযান চালিয়ে এসব ডাকাতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের আইয়ূব আলীর ছেলে একাধিক মামলার এজাহারভূক্ত আসামী ডাকাত সর্দার শাহাজামাল হোসেন (৩৫), আকুবপুর গ্রামের বামনপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে চঞ্চল হোসেন (২৪), ইসলাম আলীর ছেলে জিনারুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলামের ছেলে মিন্টু হোসেন (৩৫)। গাংনী থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক শংকর কুমার ঘোষ, সুফল কুমার, এএসআই কামরুল ইসলামসহ পুলিশের একটি টীম গ্রেফতার অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনায় বিভিন্ন তথ্য দিয়েছে বলে জানান ওসি আনোয়ার হোসেন। তিনি আরো জানান, বুধবার সকালের দিকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আনোয়ার হোসেন জানান, ডাকাত সর্দার শাহাজামালের নামে বিস্ফোরক, অপহরণ, চাঁদাবাজী ও পুলিশের উপর হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। গাংনী থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনসহ ৩৮৫/৩৮৭ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা নং ২, তারিখ ২/০৯/১৪, মামলা নং ১ তারিখ ০১/৯/১৪ ইং ও ৩৪১/৩০২/২২৪/২২৫/৩৫৩ ধারাসহ প্যানাল কোড ১৮৬০ এর মামলা নং ১৪, তারিখ ২৫/০৭/১২ ইং। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে রাস্তায় গাছ ফেলে পিকনিক বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। মেহেরপুর সরকারী পৌর কলেজের ৬ টি পিকনিকের বাস ভোর তিনটার সময় ফেরার পথে রাস্তায় গাছ ফেলে গণ ডাকাতি করে।
সমীকরণ প্রতিবেদন