
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদী ও ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের উপর বর্বরোচিত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানব বন্ধন করেছেন গাংনী উপজেলা শিক্ষক ও কর্মচারীবৃন্দ। গতকাল বুধবার সকাল নয়টায় উপজেলা পরিষদের সামনে মেহেরপুর- কুষ্টিয়া সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গাংনী মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তারা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান লিখন, গাংনী মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, কাজিপুর মধ্যপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলম হুসাইন, হিজুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজামান মনি, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজামান, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজামান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বক্তারা বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদী ও ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের উপর বর্বরোচিত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত ১জানুয়ারী বামন্দি নিশিপুর স্কুল এ্যান্ড কলেজের মার্কেট নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ওই প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষের উপর হামলা চালিয়ে আহত করে। একই দিনে ডিজেএমসি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে এক আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
সমীকরণ প্রতিবেদন