দর্শনা পৌরসভার রেলবাজার এলাকায় রাস্তা দখল করে দোকানপাট স্থাপন ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতি নিরসনে ব্যবসায়ীদের রাস্তা থেকে মালামাল ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছেন পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন রেলবাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় রাস্তার ওপর যত্রতত্র দোকানপাট ও মালামাল রাখা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে মৌখিকভাবে সতর্ক করার পরও কিছু ব্যবসায়ী রাস্তা থেকে মালামাল সরিয়ে না নেওয়ায় তিনি উপস্থিত ব্যবসায়ীদের আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দেন।
পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার ওপর থেকে মালামাল ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ সময় মালামাল বাজেয়াপ্ত করাসহ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, পৌর নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলম, প্রধান সহকারী শাহ আলম, লাইসেন্স ইন্সপেক্টর মমিনুল ইসলাম ও কর নির্ধারক জাহিদুল ইসলাম।
দর্শনা অফিস