চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সরকারি কলেজ রোড, ফেরিঘাট রোড ও নিচের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভাউচার সংরক্ষণে অনিয়মের কারণে কলেজ রোডের মেসার্স আব্দুর রহমান ডিম ঘরকে ৭ হাজার টাকা, বড় বাজারের মেসার্স তৌহিদ ডিম ঘরকে ৫ হাজার টাকা এবং পাপলু ডিম ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যতালিকা হালনাগাদ করা, ভাউচার যথাযথভাবে সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন চুয়াডাঙ্গা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সহিদুল ইসলাম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
নিজস্ব প্রতিবেদক