অগ্নিকাণ্ড যেন থামছেই না
- আপলোড তারিখঃ
১৮-০৪-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদন:
অগ্নিকাণ্ড যেন থামছেই না। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি মার্কেটে পর পর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। গতকাল সোমবারও রাজধানীর দুটি মার্কেটসহ বিভিন্ন স্থানে চারটি মার্কেট ও একটি স্যালাইন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের কোন খবর না পাওয়া গেলেও পণ্য ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
গত কয়েক দিনে ঢাকায় যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে, বঙ্গবাজারের বরিশাল প্লাজায়, উত্তরার বিজিবি মার্কেটে ও বায়তুল মোকারম মার্কেটের আগুন। এ ছাড়া চকবাজারে একটি সিরামিক গোডাউনে, সিদ্দিকবাজার, সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ঘটেছে অগ্নিকান্ড। এসব অগ্নিকাণ্ড নিয়ে অনেকের মনে সন্দেহ দানা বেঁধেছে। তীব্র দাবদাহের মধ্যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব আগুনের পেছনে নাশকতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধানমন্ত্রীও। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, অনেক মন্ত্রীও নাশকতার আশঙ্কা করে বক্তব্য দিয়েছেন। সকলের দাবি এ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো খতিয়ে দেখা উচিৎ।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, চলতি মাসের গত ১৭ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪ এপ্রিল বঙ্গবাজারে, এর দুই দিন পর ৬ এপ্রিল রাতে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে, ৮ এপ্রিল বঙ্গবাজারের বরিশাল প্লাজায়, ১১ এপ্রিল রাজধানীর চকবাজারে একটি সিরামিক গোডাউনে, ১৩ এপ্রিল পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি টিনশেড গোডাউনে, ১৪ এপ্রিল হাজারীবাগে ট্যানারি কারখানায়, ১৫ এপ্রিল ভোরে নিউ সুপার মার্কেটে, ১৬ এপ্রিল দুপুরে মিরপুরে একটি আবাসিক ভবনে এবং শেরেবাংলা নগরে বিএনপির বাজারে বস্তিতে আগুন লাগে। সর্বশেষ গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে এবং বায়তুল মোকাররম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে।
এর আগের মাসে অর্থাৎ গত ২৮ মার্চ মধ্যবাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলির একটি মিষ্টির দোকানে, ২৭ মার্চ মহাখালীর সাততলা বস্তিতে, ৭ মার্চ তারিখ বিকালে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে, ৫ মার্চ সকালে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনে এবং ১ মার্চ গোপীবাগে একটি রিকশার গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়। গত দুই মাসে রাজধানীতে অন্তত ২০ টি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এদিকে গতকাল সোমবার নারায়ণগঞ্জের ওরিয়ন কারখানায়, রংপুরের মতি মার্কেটে ও বগুড়ার শিবগঞ্জের একটি বস্তার গোডাউনে আগুন লাগে। তবে এসব আগুনের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
উত্তরার বিজিবি মার্কেটে আগুন
উত্তরার নর্থ টাওয়ার ও সাইদগ্র্যান্ড সেন্টারের মাঝামাঝি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত উত্তরার বিজিবি মার্কেটে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের উত্তরা ও টঙ্গীর ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে টঙ্গী ও উত্তরার সব মিলিয়ে ছয়টি ইউনিট কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই মার্কেটের বিভিন্ন দোকান থেকে কালো ধোঁয়ার কুন্ডলী বের হতে থাকে। স্থানীয়রা নিজস্ব সরঞ্জামাদি দিয়ে শুরুতেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে তাতে আগুন নিভছিল না। ক্রমেই বড় হচ্ছিল ধোঁয়ার কুন্ডলী। দোকানিরা তাড়াহুড়া করে মালামাল বের করে নিচ্ছিলেন। এক পর্যায়ে খবর পেয়ে উত্তরা ও টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে দ্রুত পৌছায়। এরপর আরো তিনটি ফায়ার ইউনিট সেখানে গিয়ে বেলা ১১টার ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেটের গাড়ির সিট ও কাভারের দোকানের মালিক মো. ইয়াসিন বলেন, ‘ঈদ উপলক্ষ্যে দোকানে কয়েক লাখ টাকার মালামাল তুলেছিলেন তিনি। আগুনে তার বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। মার্কেটটির অন্যান্য দোকানীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিজিবি মার্কেট মোটরসাইকেল ও গাড়ির যন্ত্রাংশের মার্কেট হিসেবে পরিচিত। এতে দোকান আছে প্রায় ৬৫টি। আগুন লাগার খবর পেয়ে লোকজন কোনোরকমে দোকানের কিছু মালামাল বের করে আনেন। তবে আগুনে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। আগুনে অন্তত তিন কোট টাকার মালামাল পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুন
উত্তরা বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসার তিন ঘণ্টা পর বেলা ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন জুয়েলারি মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন দোকানিরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, মার্কেটের দ্বিতীয় তলায় একটি জুয়েলারি দোকান থেকে আগুনের সূত্রপাত বলে তারা জানতে পারেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তারা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।
নারায়ণগঞ্জের ওরিয়ন কারখানায় আগুন
এর আগে গতকাল দুপুর পৌনে একটার দিকে নারায়ণগঞ্জের ওরিয়নের কারখানায় আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা দুপুর সোয়া দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ বি পি বিনয় কৃষ্ণ বাড়ই বলেন, ফ্যাক্টরির দ্বিতীয় তলায় ৩৬ রকমের প্রোডাক্ট তৈরি হয়। আর সেখানেই আগুন লেগেছে । ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গণি বলেন, আগুন লাগার ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রংপুরে মতিপ্লাজা মার্কেটে আগুন
গতকাল বেলা ৩টার দিকে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় মতি প্লাজা মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুর তিনটা থেকে ৪টা পর্যন্ত এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতি প্লাজার নীচের একটি ফোমের দোকান থেকে আগুন সূত্রপাত । ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ঘটনাস্থলে প্রথমে চারটি ইউনিট পরে আরো ছয়টি ইউনিট যায়। তবে আগুন লাগার পরপরই ব্যাবসায়ীরা তাদের পণ্য সামগ্রী সরাতে থাকেন। আগুন দেখতে উৎসুক মানুষের ভিড় ঠেকাতে এবং নিরাপত্তায় পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্তত ৯/১০ টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, মোট ১০টি ইউনিটের চেষ্টায় সর্বোচ্চ ৩৫/৪০মিনিটে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে।
বগুড়ায় বস্তার গোডাউনে আগুন
গতকাল বেলা ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রামের একটি বস্তার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, দুপুরে লস্করপুর গ্রামের বস্তা ব্যবসায়ী আনিছুর রহমানের বস্তার গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলজার রহমান জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।
সিলেটের দক্ষিণ সুরমা ফল বাজারে আগুন
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ফলবাজারে অগ্নিকান্ড ঘটেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর সুরমা নদীতে পানির পাম্প লাগিয়ে পানি তোলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসে বেলা একটার মধ্যে। এ সময় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। মার্কেটের দ্বিতীয় তলার ছাদের ওপরে রাখা ফলের ক্যারেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উেসর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কমেন্ট বক্স